ঢাকা বিশ্বদ্যিালয়, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনা ক্যাম্প উঠিয়ে নেওয়ার দাবিতে সোমবার বিকেল থেকে বিক্ষোভে ফেটে পড়া ছাত্রদের দমাতে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস ছোড়ে। রাবার বুলেট ও শর্টগানের গুলিও নিক্ষেপ করা হয়। সেনাসদস্যদের মারধর ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক ছাত্র। এদিন বিকালে বিশ্ববিদ্যালয় মাঠে আন্তঃবিভাগ ফুটবল খেলা চলার সময় এক সেনাসদস্য লোকপ্রশাসনের এক ছাত্রকে মারধর করায় শির্ক্ষাথীদের ক্ষোভের সূত্রপাত হয়। খেলার মাঠে তাৎক্ষণিক বের হওয়া মিছিল ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। রাতে ক্ষুব্ধ ছাত্ররা সেনাক্যাম্পের দিকে ছুটে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেনা ক্যাম্প সরানোর দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে ছাত্ররা। রাত সাড়ে ১০টায় সূর্যসেন হলের ভেতরে ঢুকে ছাত্রদের বেধড়ক পেটায় পুলিশ। বিক্ষুুব্ধ ছাত্ররা রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাঁনখারপুল পেট্রোল পাম্পের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। ক্যাম্পাস থেকে পরিস্থিতি জানিয়েছেন জান্নাতুল ফেরদাউস, গোলাম মর্তুজা অন্তু, লিটন হায়দার, প্রদীপ কুমার চৌধুরী, সোহেল পারভেজ ও মোকাররম হোসেন শুভ। (আরও তথ্যসহ-৮)
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে খেলার মাঠে লোকপ্রশাসন বিভাগের সঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফুটবল খেলা চলার সময় এ ছাত্রকে সেনাসদস্যদের মারধর করায় এই বিষ্ফোরোন্মুখ পরিস্থিতি সৃষ্টি হয়। রাত আটটার দিকে প্রায় ৩০০ ছাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয়। দাবি মানা না হলে অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি দিয়েছে তারা। ছাত্ররা অভিযুক্ত ওই সেনা কর্মকর্তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে।
রাত সাড়ে আটটার দিকে ছাত্ররা মিছিল নিয়ে খেলার মাঠের সেনা ক্যাম্পের দিকে ছুটে যায়। জহুরুল হক হল, মুহসিন হল, জিয়া হল, সূর্যসেন হল ঘুরে কয়েক হাজার ছাত্রের মিছিলটি সেনাক্যাম্পের সামনে গিয়ে গেটে লাথি ও লাঠির বাড়ি মারতে থাকে। ক্যাম্পের ভেতরে ইটপাটকেলও ছোড়ে। কার্জন হল এলাকার হলগুলো থেকে একটি মিছিল এসে এসময় তদের সঙ্গে যোগ দেয়। তবে ছাত্ররা সেখানে এক মিনিটও দাঁড়াতে পারেনি। পুলিশ ও সেনাসদস্যরা ছাত্রদের ওপর লাঠিচার্জ শুরু করে। ছত্রভঙ্গ ছাত্ররা কার্জন হল, মোকাররম ভবন, মেডিক্যাল শহীদ মিনারের দিকে দৌড় দেয়। পুলিশও তাদের ধাওয়া করে এগিয়ে যায় ।
ছাত্রদের মূল মিছিলটি সেনাক্যাম্পের দিকে এগুনোর সময় উপাচার্যে বাসার সামনে, কলা ভবনের সামনে, টিএসসিতে পুলিশ তাদের কয়েকদফা থামানোর চেষ্টা করেও পারেনি। উপাচার্যের বাসার সামনে মিছিল থেকে পুলিশের একটি ভ্যান ভাঙচুর করে ছাত্ররা। পুলিশ এসময় বাধা দেয়নি।
রাত ৯টার দিকে উপাচার্যের বাসার সামনে অবস্থান নেওয়া প্রায় ৩০০ পুলিশের দিকে ছাত্রদের মিছিল এগিয়ে গেলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে থাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক প্রদীপ কুমার চৌধুরী সেখান থেকে জানান, উপাচার্যের বাসার সামনে অবস্থান নেওয়া পুলিশের প্রতি ইটপাটকেল ছোঁড়ে স্যার এফ রহমান হল থেকে আসা একদল ছাত্র। পুলিশ তাদের হটিয়ে দিতে একের পর এক কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
রাত সোয়া ৯টার দিকে জগন্নাথ হল থেকে ছাত্রদের একটি মিছিল টিএসসির দিকে আসতে চাইলে পুলিশ অন্তত ২০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। এসময় পুলিশ দুই সাংবাদিককেও পেটায় বারবার পরিচয় দেওয়া সত্ত্বেও সমকালের প্রতিবেদক ইশতিয়াক হুসেইন ও বাদশা মোল্লা মারের হাত থেকে রেহাই পায়নি। পুলিশ এখানে অন্তত ১৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়।
এর পরপরই কিছু ছাত্র ভাষা ইনস্টিটিউট থেকে পুনরায় সংগঠিত হয়ে আবার টিএসসির দিকে আসতে থাকে। পুলিশ তাদের আবার ধাওয়া দেয়। কিছু ছাত্র রোকেয়া হলের দিকে দৌড় দিলে পুলিশ তাদের পিছু নেয়। তাদের না পেয়ে কয়েকজন পুলিশ রোকেয়া হলের ফটকে লাথি মারতে থাকে।
কিছু ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ঢুকে পড়লে পুলিশ সেখানে গিয়েও ছাত্রদের ওপর লাঠিচার্জ করে ও চিকিৎসা কেন্দ্রের ভেতরে টিয়ারসেল নিক্ষেপ করে। জসীমউদদীন হলের ছাত্র মামুনুর রশদি সেসময় সেখানে ছিলেন। তিনি বলেন পুলিশ ঢুকে দোতালার বারান্দায় কয়েকজনকে মারধর করে। সেসময় কয়েকজন কর্তব্যরত চিকিৎসকের কক্ষে ঢুকতে চাইলে অন্যরা তাদের বাধা দেন। চিকিৎসক ডা. শরীফ কামরুদ্দীন বলেন, টিয়ারসেলের কারণে আমরা কিছুক্ষণ এখানে চিকিৎসা দিতে পারিনি।
রাত পৌনে ১০টার দিকে জহুরুল হক হল, মুসসিন হল, এফ রহমান হল, জসীমউদদীন হল, সূর্যসেন হল, জিয়া হল, বঙ্গবন্ধু হল, জগন্নাথ হল, এসএম হল থেকে ছাত্রদের খণ্ড খণ্ড মিছিল টিএসসির দিকে যাচ্ছিল। এসময় এফ রহমান হলের সামনে একটি মিছিলে ১০/১২ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। উপাচার্যের বাসার সামনে পুলিশের সঙ্গে আরেক দফা সংঘর্ষ হয় ছাত্রদের।
রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের আবারও সংঘর্ষ হয়। এসময় শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। জিয়া, সূর্যসেন, জসীমউদদীন ও বঙ্গবন্ধু হলের ভেতরেও টিয়ারগ্যাস ছোঁড়ে পুলিশ। রাত সাড়ে ১০টায় সূর্যসেন হলের ভেতরে ঢুকে ছাত্রদের ওপর বেধড়ক লাঠিপেটা করে পুলিশ।
রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে আরেক দফা সংঘর্ষ হয়। জিয়া, সূর্যসেন, জসীমউদদীন ও বঙ্গবন্ধু হলের ভেতরেও কাঁদানে গ্যাস ছোাড়ে পুলিশ। তিন ছাত্রকে পুলিশ ধরে যাওয়ারও খবর পাওয়া গেছে। এই তিন ছাত্রকে পুলিশ সেনাক্যাম্পে সোপর্দ করেছে বলে ছাত্রদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে।
রাত সোয়া ১২টার দিকে শহীদুল্লাহ হলের গেটের পাশে ছাত্ররা অবস্থান নিয়ে চাঁনখানপুল মোড়ের দিকে অবস্থানরত পুলিশের দিকে ইট নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সোহেল পারভেজ জানান, রাত একটার দিকে পুলিশ শর্টগান, কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে করতে সূর্যসেন হলের দিকে এগিয়ে যায়। এ সময় ছাত্ররাও পাল্টা ইট পাটকেল ছুড়ে।
রাত দেড়টার পর সংঘর্ষ কমে আসলেও শত শত ছাত্র বিশ্ববিদ্যালয় মল চত্বরে জড়ো হয়ে অবস্থান করছিল। আড়াইটার দিকে মলচত্বর থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মাহবুব আলম রনী জানান, কয়েক শ' ছাত্র মলচত্বর, সূর্যসেন হলের সামনে অবস্থান করছে। বেশ কিছু ছাত্র তখনো উপাচার্যের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল মারছিল। আশেপাশে পুলিশ নেই। পুলিশ ওই অঞ্চল ছেড়ে নিলক্ষেতের গিয়ে অবস্থান করছে।
খেলার মাঠের ঘটনা
খেলার মাঠে ঘটনার সূত্রপাতের বর্ণনা দিতে গিয়ে মারধরের শিকার লোকপ্রশাসনে মাস্টার্সের ছাত্র মেহেদী মোহাম্মদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেলে খেলা দেখার সময় আমি ছাতা নিয়ে গ্যালারির পাশে দাঁড়িয়েছিলাম। এ সময় পিছন থেকে দুই ব্যক্তি অশ্লীল গালি দিয়ে আমাকে ছাতা সরাতে বলে। কে দিল এই গালি
bdnews24