২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বাস খাদে, তিন জনের লাশ উদ্ধার

তাড়াইল উপজেলার শিমূলহাটি এলাকায় রোববার দুপুরে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদের পানিতে পড়ে গেছে। দুর্ঘটনার পর রাত ৮টা পর্যন্ত পুলিশ ও দমকল কর্মীরা তিনটি লাশ উদ্ধার করেছে। বাসের ভেতরে আরও মৃতদেহ আটকে আছে বলে জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 02:50 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

কিশোরগঞ্জ, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তাড়াইল উপজেলার শিমূলহাটি এলাকায় রোববার দুপুরে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদের পানিতে পড়ে গেছে। দুর্ঘটনার পর রাত ৮টা পর্যন্ত পুলিশ ও দমকল কর্মীরা তিনটি লাশ উদ্ধার করেছে। বাসের ভেতরে আরও মৃতদেহ আটকে আছে বলে জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা। উদ্ধার করা তিনটি লাশের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো- কিশোরগঞ্জ সদর উপজেলার পাঠানকান্দি গ্রামের হানিছের মা (৭৫) ও রতন (৫)। এছাড়া এক তরুণীর (১৭) পরিচয় জানা যায়নি। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. আবুল হাসেম জানান, ঈশাখাঁ পরিবহনের বাসটি ২৭/২৮ জন যাত্রী নিয়ে তাড়াইল থেকে ঢাকা যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে শিমুলহাটি বাজার পার হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের গভীর পানিতে তলিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর ৮/১০ জন যাত্রী জানালা দিয়ে বেরিয়ে আসেন। রাত ৮টা পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। বাসের ভেতর আরও ১৫/১৬ জনের লাশ আছে বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কিশোরগঞ্জ ও ঈশ্বরগঞ্জ দমকল বাহিনীর পাশাপাশি তাড়াইল থানা পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০৫০ ঘ.