ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--চাদাবাঁজি মামলায় সাবেক এফবিসিসিআই সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার ওই মামলায় মিন্টুর আইনজীবীরা ঢাকার সিএমএম আদালতে জামিনের আবেদন করেন। ম্যাজিষ্ট্রেট এবিএম আব্দুল ফাত্তাহ উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।
ধানমন্ডি থানার পান্থপথ এলাকায় মিন্টুর 'অ্যাংকর টাওয়ার' সংলগ্ন প্লট মালিক জনৈক আ: ছাত্তার গত ২৫মে মিন্টুসহ অপর সাতজনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ১৩ আগস্ট মামলা দায়ের করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে সিএমএম মিন্টুকে ১৪ আগস্ট গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। সন্দেহভাজন শীর্ষ দুর্নীতিবাজদের আটক অভিযানে যৌথবাহিনী গত ২৮মে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে চলমান অস্ত্র মামলার বাদী এস আই হেলালুজ্জামান ও জব্দ তালিকা প্রস্তুতকারী এস আই আবুল কাসেম আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রোববার ঢাকা মহানগরীর নয় নম্বর বিশেষ ট্রাইবুনাল জজ সৈয়দ জাহেদ মনসুর বাবরের উপস্থিতিতে দুই সাক্ষীর জবানবন্দি ও জেরা রেকর্ড করে আগামী ২৩ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮২৪ঘ.
bdnews24