নারায়ণগঞ্জ, ১৯ আগষ্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডাচ-বাংলা ব্যাংকের সামনে রোববার সকালে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে। প্লানা ফিলিং স্টেশনের ব্যাবস্থাপক সাদিকুর রহমান বাবু তার প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে জমা দিতে গেলে এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের গুলিতে সাদিকুর রহমান ও বশির নামের একজন দোকানি গুরুতর আহত হন।
এছাড়া নিতাইগঞ্জ এলাকায় ছিনতাই চেষ্টার সময় অস্ত্রসহ ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্লানা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সাদিকুর রহমান বাবু তার প্রতিষ্ঠানের ১০ লাখ ৪৭ হাজার টাকা জমা দিতে সকাল পৌনে ৯টায় ডাচ-বাংলা ব্যাংকে যান। কিন্তু ব্যাংক তখনো না খোলায় টাকার ব্যাগ নিয়ে বাবু ব্যাংকের সামনের রাস্তায় দাঁড়ান। এসময় মোটর সাইকেল আরোহী তিন ছিনতাইকারী তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নেয়। বাবু বাধা দেওয়ার চেষ্টা করলে এক ছিনতাইকারী তাকে গুলি করে। এসময় স্থানীয় দোকানি বশির এগিয়ে এলে ছিনতাইকারীরা তাকেও গুলি করে। এরপর তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার দিকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ বাবু ও বশিরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহসানউদ্দিন চৌধুরী জানান, ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে। এ ব্যাপারে একটি মামলা করা হবে।
এদিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় আহসানউল্লাহ (৫৫) নামের এক ব্যবসায়ীর ৮০ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় একটি বিদেশি পিস্তলসহ ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আহসানউল্লাহ ও তার ছেলে জসীমউদ্দিন (৩০) সকাল ৯ টার দিকে ৮০ হাজার টাকা নিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আহসান ট্রেডার্সে যাচ্ছিলেন। এসময় তিন ছিনতাইকারী তাদের টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জসীম বাধা দিতে গেলে এক ছিনতাইকারী তার দিকে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে আরেক ছিনতাইকারী চাপাতি দিয়ে তাকে আঘাত করে।
বাবা-ছেলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ৫ রাউন্ড গুলিভর্তি ১টি পিস্তলসহ ছিনাতাইকারী বেঞ্জামিন (৩০) ও আলী হোসেনকে (৩৫) আটক করে পিটুনি দেয়। পরে তাদের পুলিশে দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭১২ ঘ.
bdnews24