ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীর অস্ত্র ও গুলি আত্মসাতের অভিযোগে অভিযুক্ত সরাইল থানার উপপরিদর্শক আবু বকরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার তার বিরুদ্ধে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলতাব হোসেন বাদি হয়ে সরাইল থানায় মামলা করেন। সে মামলায় রোববার আবু বকরকে আমলি আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবু বকরকে জেল হাজতে রাখা হয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা কারা রক্ষক গিয়াস উদ্দিন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলতাব হোসেন বাদি হয়ে শনিবার সরাইল থানায় মামলাটি দায়ের করেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের।
আবু বকরকে শুক্রবার আটক করে সদর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানোর পরই ওই মামলা করা হয়।
সরাইলের ব্যবসায়ী ইকবাল আজাদ ইতোপূর্বে জানান, ২০০৬ সালের ২৮ মে তিনি তার ৩২ বোরের একটি রিভলবার এবং ৩০ রাউন্ড গুলি সরাইল থানায় গিয়ে আবু বকরের কাছে জমা দিয়েছিলেন। গত বৃহস্পতিবার তা ফেরত চাইতে গেলে আবু বকর বিষয়টি অস্বীকার করেন।
তখন ইকবাল আজাদ বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৯ ঘ.
bdnews24