খুলনা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনার আযম খান কমার্স কলেজের শিক্ষার্থী বর্ণালী ঘোষ ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত বিচার আদালতে স্থানান্তরের দাবি জানিয়েছে স্থানীয় জনগণ। একইসঙ্গে তার পরিবারের নিরাপত্তা দাবিতে সহস্রাধিক মানুষ শনিবার খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এর আগে একই দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত ৩০ জুন বাগেরহাট জেলার রামপালে বর্ণালীর নিজের গ্রামে তাকে পালাক্রমে ধর্ষণের পর এসিড ঢেলে হত্যা করে সন্ত্রাসীরা। ১১ দিন পর বর্ণালীর কঙ্কাল উদ্ধার করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা জেলা শাখা বর্ণালী হত্যা মামলাটি পরিচালনার দায়িত্ব নিয়েছে। তারাই শনিবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক।
সংস্থার খুলনা জেলা শাখার সমন্বয়ক মো. মোমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাত্রী বর্ণালী ঘোষ আযম খান কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। সাপ্তাহিক ছুটিতে গত ২৮ জুন বর্ণালী গ্রামের বাড়ি যায়। ৩০ জুন রাতে পালাক্রমে ধর্ষণের পর তাকে এসিডে পুড়িয়ে হত্যা করা হয়। ১১ জুলাই এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়। ওই দিন বর্ণালীর বাবা বিপুল ঘাষ বর্ণালীর ছোটবেলার সহপাঠী রাজু ও মনোজ নামে আরো একজনসহ অজ্ঞাতদের আসামি করে রামপাল থানায় একটি মামলা করেন।
১১ জুলাই রাতে গ্রেপ্তার হয় রাজুর আত্মীয় লিটন। পরে স্থানীয় একটি ব্যাটারির দোকানের কর্মচারী মোক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে মোক্তারের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি পড়ে শোনান মানবাধিকার সংস্থার আইনজীবী অচিন্ত্য দাশ। জবানবন্দিতে মোক্তার স্বীকার করেছে, সে নিজে, কামাল, নাহিদ, হাসান ও মাহবুব পালাক্রমে ধর্ষণের পর বর্ণালীকে এসিড ঢেলে হত্যা করে।
সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, এতবড় একটা ঘটনা ঘটলেও বাগেরহাটের পুলিশ সুপারসহ কোনো উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেননি। রামপাল থানা পুলিশও সঠিকভাবে আলামত সংগ্রহ করেনি।
তিনি অভিযোগ করেন, এলাকার চেয়ারম্যান জামিল হাসান জামুর লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সংবাদ সম্মেলনে পলাতক রাজু ও মুনমুনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি বর্ণালীর পরিবারের নিরাপত্তা দাবি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৮১০ ঘ.
bdnews24