২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানকে তিনদিনের মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ

অর্থ-সম্পদের তথ্য গোপন ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমানকে তিনদিনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বিশেষ জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালত এই নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 06:29 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

নারায়ণগঞ্জ, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থ-সম্পদের তথ্য গোপন ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমানকে তিনদিনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বিশেষ জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালত এই নির্দেশ দেন। আদালতের নির্দেশে বলা হয়, এই মামলার আসামি শামীম ওসমান গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেছেন। শিগগিরই তাকে গ্রেপ্তারের সম্ভাবনা নেই। তাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি রয়েছে। এই অবস্থায় আইন অনুযায়ী তাকে তিন দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই নির্দেশ আদালতের নোটিশ বোর্ড ও আসামির বাসভবনে বিজ্ঞপ্তি আকারে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচাররক। এছাড়া আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন তিনি। নারায়ণগঞ্জ, আয়কর সার্কেল-২ এর সহকারী কমিশনার মিহির লাল সরকার গত ৮ আগস্ট ৭৫ লাখ ২২ হাজার টাকা সম্পদের তথ্য গোপন এবং ওই সম্পদের জন্য ১৪ লাখ টাকার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। আদালত ১৩ আগস্ট শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২টায় ফতুল্লা থানার উপ পুলিশ পরিদর্শক বিপ্লব কিশোরের নেতৃত্বে একদল পুলিশ আদালতের দেওয়া অস্থাবর সম্পত্তি জব্দের পরোয়ানা তামিল করতে শহরের জামতলা আবাসিক এলাকায় শামীম ওসমানের বাসভবনে যায়। কিন্তু ইতোপূর্বে দুর্নীতি দমন কমিশনের মামলায় পুলিশ তার বাসভবনের অস্থাবর সম্পতি জব্দ করে নেওয়ায় বৃহস্পতিবার জব্দ করার মতো নতুন কিছু পাওয়া যায়নি। বিপ্লব কিশোর জানান, বিষয়টি আদালতকে লিখিতভাবে জানানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের ওই মামলায় শামীম ওসমানের অনুপস্থিতিতেই তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/এমএইচবি/০০১৮ ঘ.