ূঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে সরকার গঠিত কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তাকিম বলেছেন, তিনি বুঝতে পারছেন না, আমদানি শুল্ক তুলে নেওয়ার পরও কেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমছে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিম বুধবার তার অফিসে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ত্ব শেষে সাংবাদিকদের একথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার পরও কেন দাম কমছে না এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি তো গণক নই। কী করে জানব। আপনারা এ ব্যাপারে ব্যবসায়ীদের জিজ্ঞেস করুন।"
তিনি বলেন "পণ্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে শুল্ক মওকুফসহ সরকার সব ধরণের পদক্ষেপ নিচ্ছে। তারপরও জিনিসপত্রের দাম কেন কমছে এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে।"
গোলামা মোস্তাকিম বলেন, "শেষ পর্যন্ত আমরাই জিতব"। তবে বাজার নিয়ন্ত্রণে কবে তারা সক্ষম হবেন এ প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ফখরুদ্দীন সরকার চাল, গম, ডাল এবং আরো কিছু পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নেয়। কিন্তু তা সত্ত্বেও সরকারের এ পদক্ষেপের সুফল জনগণ পাচ্ছে না। বাজারে কোনো পরিবর্তন আসেনি।
সভায় জানানো হয়, আগামী রমজান মাসে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে খাদ্য অধিদপ্তর এক লাখ ১৪ হাজার টন চাল খোলা বাজারে বিক্রি করবে। ৯ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এ চাল বিক্রি করা হবে। এছাড়া প্রথমবারের পার্বত্য চট্টগ্রামকে ওএমএস কার্যক্রমের আওতায় আনা হবে।
এ চাল বিক্রির জন্য ১৫ হাজার ডিলার নিয়োগ দেয়া হবে। প্রত্যেক ডিলার দৈনিক ৫১০ কেজি করে চাল পাবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিম জানান, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বাংলাদেশ রাইফেলস রাজধানীতে ৫টি পাইকারি ও ৪৮টি খুচরা বাজার স্থাপন করছে।
তিনি বলেন, "উত্তরা ও যাত্রাবাড়ি পাইকারি বাজার স্থাপনের কাজ ইতোমধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে।" অন্য তিনটি পাইকারি বাজার গাবতলি, কামরাঙ্গীর চর ও উত্তরা দিপু মার্কেট এলাকায় স্থাপন করা হবে বলে তিনি জানান।
গোলাম মোস্তাকিম আরো জানান, রমজান মাসের আগে সরকার ডাল ও ছোলাসহ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করার পরিকল্পনা করেছ।
কৃষি, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও গোয়েন্দো কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এফএইচবি/এমএইচবি/২১৩২ ঘ.
bdnews24