২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈমুর আলমের বিরুদ্ধে একদিনেই চারটি ঘুষের মামলা

ঘুষ নেওয়ার অভিযোগে বিআরটিসির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার কমিশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা রাজধানীর পল্টন থানায় এ মামলাগুলো দায়ের করেন। এরমধ্যে তিনটি মামলাতেই বিআরটিসির জন্য গাড়ি কেনার ক্ষেত্রে ঢাকার মেসার্স এসআর ট্রাক্টরস এর মালিকের কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে। পল্টন থানার উপপরিদর্শক আরশেদ আলী চারটি মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে বিআরটিসির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার কমিশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা রাজধানীর পল্টন থানায় এ মামলাগুলো দায়ের করেন। এরমধ্যে তিনটি মামলাতেই বিআরটিসির জন্য গাড়ি কেনার ক্ষেত্রে ঢাকার মেসার্স এসআর ট্রাক্টরস এর মালিকের কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে। পল্টন থানার উপপরিদর্শক আরশেদ আলী চারটি মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, তৈমুর আলম খন্দকার বিআরটিসির চেয়ারম্যান থাকা অবস্থায় বাস কেনার জন্য প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, ঢাকার মেসার্স এসআর ট্রাক্টরস ২০০৪ সালে প্রগতির স্থানীয় এজেন্ট হিসেবে টাটার ৭৩টি বাস প্রস্তুত করে। কিন্তু তৈমুর আলম ওই গাড়িগুলো বুঝে না নিয়ে এসআর ট্রাক্টরস এর মালিক শামসুল হুদার কাছে ২২ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে তার প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত করার হুমকি দেন তৈমুর। পরে শামসুল হুদা বাধ্য হয়ে বিভিন্ন সময়ে জনতা ব্যাংকের ১২টি পে-অর্ডারের মাধ্যমে তৈমুর আলমকে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা দেন। দ্বিতীয় মামলায় অভিযোগ করা হয়েছে, এসআর ট্রাক্টরস প্রগতির স্থানীয় এজেন্ট হিসেবে ২০০৫ সালে বিভিন্ন মডেলের ১৩৫টি বাস ও ট্রাক বিআরটিসিকে সরবরাহ করার জন্য প্রস্তুত করে। কিন্তু তৈমুর আলম ওই গাড়িগুলো বুঝে না নিয়ে শামসুল হুদার কাছে ১৬ লাখ টাকা ঘুষ দাবি করেন। হুমকির মুখে শামসুল হুদা জনতা ব্যাংকের ১১টি পে-অর্ডারের মাধ্যমে ১৬ লাখ টাকা ঘুষ দেন। তৃতীয় মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৩ সালে এসআর ট্রাক্টরস ১৯০টি বাস ও ট্রাক বিআরটিসিকে সরবরাহ করার জন্য প্রস্তুত করে। তৈমুর আলম এ গাড়িগুলোও বুঝে না নিয়ে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। শামসুল হুদা বাধ্য হয়ে একই ব্যাংকের দুটি পে-অর্ডারের মাধ্যমে তৈমুর আলমকে পাঁচ লাখ টাকা দেন। এছাড়া চতুর্থ মামলায় অভিযোগ করা হয়েছে, তৈমুর আলম খন্দোকার ২০০৬ সালে সিএনজি স্টেশনের জমি বরাদ্দের জন্য খিলক্ষেতের 'নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার' নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআইএম/জেকে/২০৫৭ ঘ.