ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সম্পত্তি জব্দ ও জামিন না দেওয়াসহ জরুরি ক্ষমতা বিধিমালার কয়েকটি বিধানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে হাইকোর্টে।
এ বিষয়ে মঙ্গলবার শুনানি গ্রহণ করেছে আদালত। আগামী বৃহস্পতিবার এর ওপর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
জরুরি ক্ষমতা বিধিমালার কোন কোন বিধান সংবিধান পরিপন্থী তার তালিকা আদালতে জমা দেওয়ার জন্য রিটকারী পক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নাটোরের জনৈক আবদুল কুদ্দুস মন্ডলের একটি চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা বিধিমালার অর্ন্তভুক্ত করার বৈধতা নিয়ে দায়ের করা রিটের শুনানিতে বিধিমালার কয়েকটি বিধির বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে১৭২১ ঘ.
bdnews24