২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানের সম্পত্তি ক্রোকের নির্দেশ

সম্পদ ও অর্থ উপার্জনের তথ্য গোপন এবং আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে কর বিভাগের দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 02:25 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

নারায়ণগঞ্জ, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পদ ও অর্থ উপার্জনের তথ্য গোপন এবং আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে কর বিভাগের দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। নারায়ণগঞ্জের বিশেষ জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালত সোমবার এ আদেশ দেন। ৭৫ লাখ ২২ হাজার টাকার সম্পদ উপার্জনের তথ্য গোপন এবং ১৪ লাখ ৪৫ হাজার টাকা আয়কর ফাঁকির অভিযোগে সহকারী কর কমিশনার মিহির লাল সরকার বাদী হয়ে গত ৮ আগস্ট মামলাটি দায়ের করেন। তখন আদালত শামীম ওসমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ১৩ আগস্টের মধ্যে তা তামিল করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সোমবার আদালতকে জানায়, শামীম ওসমান পলাতক। এরপর বিচারক কুদ্দুস মিয়া আগামী ১৬ আগস্টের মধ্যে শামীম ওসমানের অস্থাবর সম্পতি ক্রোকের জন্য পুলিশকে নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মো. সুলতানুজ্জামান। তবে শামীম ওসমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অপর একটি মামলায় ইতোমধ্যেই শামীম ওসমানের তিন বছর কারাদণ্ডাদেশ হয়েছে। ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই শামীম ওসমান বিদেশে পালিয়ে ছিলেন। পরে ২০০৬ সালের শেষ দিকে তিনি একবার দেশে ফেরেন। তবে জরুরি অবস্থা জারির ঠিক আগ মুহূর্তে তিনি আবার পালিয়ে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২১ ঘ.