কক্সবাজার, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিুচাপের কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজার উপকূলে বেশ কয়েকটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। সোমবার উদ্ধার করা হয়েছে সাত জেলের লাশ। এখনও অনেকে নির্খোঁজ রয়েছেন বলে জেলেরা জানায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আবদুস সালামের একটি মাছ ধরা ট্রলার সাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারে ১৫ জন মাঝিমাল্লার ভেতর তিন জনের লাশ পাওয়া গেছে এবং ছয় জনকে জীবিত উদ্ধার হয়েছে। বাকি ছয় জনের হদিস মেলেনি।
উদ্ধার করা লাশগুলোর ভেতর যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন জাফর আলম(২৭), আবদুল কাদের(৪০) ও আবুল কাশেম(৩২)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, সোমবার বেলা ১১টার দিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের চরপাড়া এলাকায় একটি অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, সোমবার সকালে টেকনাফের সমুদ্র উপকূল থেকে নৌ-বাহিনী দুই জনের লাশ ও উখিয়া সমুদ্র উপকূল থেকে পুলিশ এক জনের লাশ উদ্ধার করে। নিহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক ভাবে পাওয়া যায়নি।
কক্সবাজার ফিসারী ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক হাফেজ আবুল কালাম জানান, সোমবার পর্যন্ত কক্সবাজারের অর্ধশতাধিক মাছ ধরা ট্রলার কূলে ফিরে আসেনি। প্রতিটি ট্রলারে ১৫ থেকে ১৮ জন মাঝি-মাল্লা রয়েছে।
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম জানিয়েছেন, এফ বি খাজা নামে একটি মাছ ধরার ট্রলার সাগরের সোনাদিয়া এলাকায় ডুবে গেছে। মাঝিমাল্লারা সাঁতরিয়ে কূলে ফিরে এসেছে।
এছাড়াও মধ্যম নুনিয়াছড়া এলাকার জয়নাল কোম্পানীর একটি ও সোনা মিয়া বহদ্দারের দুটি ট্রলার ডুবে গেছে বলে জানিয়েছে স্থানীয় জেলেরা।
কক্সবাজার শহরতলীর মধ্যম নুনিয়া ছড়া এলাকায় কলোনীর ছেমন বাহার জানান, তার ছেলে আবদুর রহমানের (২৫) রোববার ট্রলারে চড়ে মাছ ধরতে গেছে। এখন পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি।
একই কলোনীর দিলদার বেগম জানান, তার ছোট ভাই গোরা মিয়া (২৩০) ও দেবর নুর বশর (২০) নিখোঁজ রয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ দীপক কুমার নাথ জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিুচাপে পরিণত হয়েছে। ফলে সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হচ্ছে। মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৯২৬ ঘ.
bdnews24