২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গার্মেন্টস থেকে সাবেক প্রতিমন্ত্রী জিয়ার লেক্সাস গাড়ি জব্দ

গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা থেকে একটি লেক্সাস গাড়ি জব্দ করেছে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত টাস্কফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 09:28 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

গাজীপুর, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা থেকে একটি লেক্সাস গাড়ি জব্দ করেছে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত টাস্কফোর্স। টাস্কফোর্স-১ এর সদস্যরা সোমবার দুপুরে সদর উপজেলার ভোগড়া এলাকার আর্চ গার্মেন্টস থেকে গাড়িটি জব্দ করে। সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া গাড়িটির মালিক বলে জানিয়েছেন টাস্কফোর্স সদস্য ও গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আহসান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কারখানা শ্রমিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানায়, টাস্কফোর্স সদস্যরা দুপুর ১২টার দিকে ওই পোশাক কারখানায় অভিযান চালিয়ে গাড়িটি নিয়ে যায়। কারখানাটির মালিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রেসিডিয়াম সদস্য এবং মাদারীপুরের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ নাবিলা হক চৌধুরী। টাস্কফোর্স কর্মকর্তা কামরুল সাংবাদিকদের জানান, উদ্ধার করা লেক্সাস গাড়িটির দাম এক কোটি ৩০ লাখ টাকা। কামরুল আহসান বলেন, "নাবিলা চৌধুরী দাবি করেছেন, ব্যারিস্টার জিয়ার কাছে তিনি ৩০ হাজার ডলার পাওনা ছিলেন। এর বিনিময়ে তিন মাস আগে তাকে গাড়িটি দেওয়া হয়।" তবে এর সপক্ষে নাবিলা কোনও কাগজপত্র দেখাতে পারেননি বলে টাস্কফোর্স কর্মকর্তা জানান। উদ্ধার করা গাড়িটি জয়দেবপুর থানায় এনে রাখা হয়েছে। জরুরি অবস্থা জারির পর থেকেই জিয়াউর রহমান পলাতক রয়েছেন। সম্পদের হিসাব দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন যে তালিকা প্রকাশ করেছিল, তাতে এ বিএনপি নেতার নাম রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৭ ঘ.