চট্টগ্রাম, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডে সোমবার সকালে বাস ও সিএনজি বেবি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। নিহতদের পাঁচজনই স্কুল ছাত্র।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমকে জানান, সকাল সাড়ে সাতটার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা তিন রাস্তার মোড়ে হানিফ এন্টারপ্রাইজের (চট্ট মেট্রো জ-১১-০৯৩৮) একটি যাত্রীবাহী চেয়ার কোচ বিপরীত দিক থেকে আসা (চট্টগ্রাম থ-১১-৩০০২) সিএনজি বেবি ট্যাক্সিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেবির চার স্কুলছাত্র আরোহী, চালক ও এক পথচারী প্রাণ হারায়। আহত এক ছাত্র পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম ও প্রত্যক্ষদর্শীদের বিবরণীতে জানা যায়, দ্রুতগামী চেয়ার কোচটির চাপায় বেবি ট্যাক্সিটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন যাত্রী ও একজন পথচারী মারা যায়।
নিহত ছাত্ররা সবাই স্থানীয় মছজিদ্দা স্কুলের শিক্ষার্থী । এরা হচ্ছে ১০ম শ্রেনীর ছাত্র মো: সোহেল ও আইনুল করিম (১৭), ৬ষ্ঠ শ্রেণীর মো: রনি (১২) ও শিমুল দাস (১৩), স্থানীয় ব্যবসায়ী অধীর সরকার (২৭), বেবি চালক রুবেল (২৮)। হাসপাতালে মৃত ছাত্রটির পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং বাসটিতে আগুন দেয়। এতে সীতাকুণ্ড মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজট লেগে যায়। সকাল সাড়ে দশটা নাগাদ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের হটিয়ে দিলে মহাসড়ক যানজটমুক্ত হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহির জানান, দুর্ঘটনায় আহত চার ছাত্রকে সকাল সাড়ে আটটায় হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এদের মধ্যে একজন মারা যায়। অপর তিনজন এখনো চিকিৎসাধীন । তারা হচ্ছে-মোহাম্মদ নোমান (১৩), ইরফান (১২), কামাল হোসেন (১০)।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এফআই/আরএ/এসকে/১২৩৮ ঘ.
bdnews24