ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নূর আলীর দায়ের করা মামলায় শেখ হাসিনাকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ। আওয়ামী লীগ প্রধানের সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের কার্যকরিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশটি রদ করতে সরকারের আবেদনেও সাড়া দেননি তিনি।
সরকারের এ দুটি আবেদনই চেম্বার জজ মো. হাসান আমিন ১৪ আগস্ট পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। রোববার দুপুরে তিনি এই আদেশ দেন।
এছাড়া এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর জামিনও স্থগিত করেননি চেম্বার জজ। তার জামিন স্থগিতের বিষয়ে সকারের আবেদনের ওপর শুনানির দিনও ১৪ আগস্ট ধার্য করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের নোটিশ এবং শেখ হাসিনা ও আব্দুুল আউয়াল মিন্টুর জামিন স্থগিতের আবেদনের শুনানিতে সরকারপক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহম্মেদ।
কমিশনের নোটিশের কার্যকরিতা স্থাগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থাগিতের আবেদন জানিয়ে তিনি বলেন, "এ পর্যন্ত কমিশন ২০৫ জনকে নোটিশ দিয়েছে। এর মধ্যে ১৮৬ জন তাদের সম্পদের হিসাব দিয়েছেন। ১৬ জন হিসাব দেওয়ার জন্য সময় চেয়েছেন। কিন্তু শেখ হাসিনা এর বৈধতা চ্যালেঞ্জ করেছেন। তার রিটের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের অনুলিপি এখনও পাওয়া যায়নি। অনুলিপি পেলে ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নিয়মিত আপিল করা হবে।"
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ওই সময় পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন জানান।
এসময় শেখ হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ ধারা আদালতে উপস্থাপন করে বলেন, "শেখ হাসিনাকে ১৬ আগস্ট গ্রেপ্তারের পরদিনই সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় কমিশন। নোটিশ দিতে হলে যথাযথ আইন মেনেই তা দিতে হবে।"
তিনি হাসিনা ও মিন্টুর বিরুদ্ধে সরকারের আবেদন তিনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৪ আগস্ট দিন ধার্য করার আবেদন জানান।
অন্যদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ১৫ বা ১৬ আগস্ট পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির তারিখ নির্ধারণের আবেদন জানিয়ে ওই দিন পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থাগিতের আবেদন জানান।
আদালত শুনানি শেষে শেখ হাসিনা ও আব্দুল আউয়াল মিন্টুর মামলায় হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ না দিয়ে ১৪ আগস্ট পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করে।
পাঁচ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে নূর আলীর দায়ের করা মামলায় ৭ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শেখ হাসিনাকে জামিন দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। একই আদালত ওইদিন সাবেক এই প্রধানমন্ত্রীর সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের পাঠানো নোটিশের কার্যক্রম স্থগিত করে এবং আব্দুল আউয়াল মিন্টুকে জামিন দেওয়ার নির্দেশ দেয়।
সরকার গত ৯ আগস্ট এ দুটি আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আলাদা দুটি আবেদন করে।
ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা তিন কোটি টাকা চাঁদাবাজি মামলায় গত ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। অন্যদিকে আব্দুল আউয়াল মিন্টুকে ২৯ মে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/এমএইচবি/১৮০৫ ঘ.
bdnews24