রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সর্বহারা নেতা পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় ভৌমিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
মলয় ভৌমিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর সাগপাড়ায় আমার বাসায় নাম না বলে শুধু সর্বহারা নেতা পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে। ওই ব্যক্তি চাঁদা দাবি করলে আমি তা দিতে অস্বীকৃতি জানাই। তখন ওই ব্যক্তি আমার প্রাণনাশের হুমকি দেয়।"
শুক্রবারই বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানান মলয় ভৌমিক। পাশাপাশি বিশ্বাবদ্যালয় প্রশাসনকেও ঘটনাটি জানিয়েছেন তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সোবহান এক বিবৃতিতে হুমকিদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৪ ঘ.
bdnews24