ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের হায়দরাবাদে মুসলিম মৌলবাদীদের হামলায় 'মর্মাহত' হলেও এখনই ভারত ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন তসলিমা নাসরিন।
দেশটিকে তার দ্বিতীয় স্বভূমি এবং বসবাসের জন্য উপযোগী বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে তসলিমার ভিসার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বলে কলকাতার দৈনিক পত্রিকা আজকাল শুক্রবার জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে তসলিমা নাসরিন ভারতের টেলিভিশন এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "ভারত বসবাসের জন্য খুবই ভালো জায়গা এবং এটিই আমার দ্বিতীয় স্বভূমি। আমি এ দেশ ছেড়ে অন্য কোথাও যেতে চাই না, এখানেই থাকতে চাই।"
হামলার প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমি এ ঘটনায় মর্মাহত হলেও বিস্মিত নই।"
বাংলাদেশী এই লেখকের ওপর হামলা প্রচেষ্টায় জড়িত সাত ব্যক্তিকে বৃহস্পতিবারই পুলিশ গ্রেপ্তার করে। যাদের মধ্যে একটি মুসলিম দলের তিন জন বিধানসভা সদস্যও ছিলেন। তবে ওইদিনই তাদের জমিনে মুক্তি দেওয়া হয়।
তসলিমার 'শোধ' উপন্যাসটির তেলেগু ভাষায় অনুবাদিত গ্রন্থের প্রকাশনা উৎসবে বৃহস্পতিবার হামলা চালানো হয়।
বাংলাদেশের এ লেখক ১০ বছর ধরেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন। বাংলাদেশ ছাড়ার পর কয়েক বছর ইউরোপ কাটানোর পর তসলিমা কলকাতায় আসেন এবং সেখানেই থাকছেন।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে হামলাকারী মৌলবাদীদের সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করে তসলিমা নাসরিন বলেন, "এ দেশের(ভারতের) বেশিরভাগ জনগণই গণতন্ত্র এবং স্বাধীনতায় বিশ্বাস করে। আমি তাদের সমর্থন, সহানুভূতি এবং সংহতি পেয়েছি। যারা আমার ওপর হামলা করেছে তারা এদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী।"
দেশটির জনগোষ্ঠীর বেশিরভাগের সমর্থনে তিনি তার আদর্শকে ধরে রাখার ব্যাপারে আরও দৃঢ় প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন এ লেখক।
ভারতে তসলিমার ভিসার মেয়াদ এ মাসেই শেষ হওয়ার কথা। তবে সে মেয়াদ আগামী বছরের ফেব্র"য়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব প্রসাদ রঞ্জন রায়ের উদ্ধৃতি দিয়ে আজকাল পত্রিকা জানায়।
পত্রিকাটির খবরে আরও বলা হয়, মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন সদস্যদের হামলার পর বৃহস্পতিবার সন্ধ্যায়ই তিনি কলকাতা ফিরে আসেন। পৌনে সাতটার দিকে তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসেন। এ সময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১৭২৫ ঘ.
bdnews24