২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব নদীতেই পানি কমছে

সারাদেশে নদীগুলোর পানি কমা অব্যাহত রয়েছে। ফলে বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। পানি কমার এ ধারা চলতে থাকলে দুই-এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসবে বলে আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্গত এলাকায় জনজীবনে দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগব্যাধি। ত্রাণসামগ্রীর অপ্রতুলতা নিয়েও অভিযোগ রয়েছে বন্যার্তদের। কৃষি এবং মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা সি এস করিম শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, বন্যায় এ পর্যন্ত ২২৬ জন মারা গেছেন। ৩৮টি জেলার ৫৪ হাজারেরও বেশি বাড়ি তলিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 09:31 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারাদেশে নদীগুলোর পানি কমা অব্যাহত রয়েছে। ফলে বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। পানি কমার এ ধারা চলতে থাকলে দুই-এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসবে বলে আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্গত এলাকায় জনজীবনে দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগব্যাধি। ত্রাণসামগ্রীর অপ্রতুলতা নিয়েও অভিযোগ রয়েছে বন্যার্তদের। কৃষি এবং মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা সি এস করিম শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, বন্যায় এ পর্যন্ত ২২৬ জন মারা গেছেন। ৩৮টি জেলার ৫৪ হাজারেরও বেশি বাড়ি তলিয়ে গেছে। ফসলহানি হয়েছে প্রায় ছয় লাখ একর জমির; যা মোট কৃষি জমির ২৭ শতাংশ। এ ছাড়া প্রায় ২০০ কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। এসব তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, "বন্যায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া যাবে পানি নেমে যাওয়ার পর।" সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা প্রশাসকের মাধ্যমে সরকার দুর্গতদের মাঝে এ পর্যন্ত ১৩ হাজার মেট্রিক টনেরও বেশি চাল, সাড়ে চার কোটি নগদ টাকা, গৃহ নির্মাণ বাবদ এক কোটি টাকা, সাড়ে ৪৮ লাখ টাকার শুকনো খাবার বিতরণ করেছে। এদিকে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনগুলো দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে 'ত্রাণ তৎপরতা সমন্বয় সেল' চালু করেছে। নদনদীর অবস্থা: বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সবগুলো নদীর পানি কমেছে। তবে এখনও ১৩টি পয়েন্টে ১১টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। কেন্দ্রে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোস্তফা সারোয়ার শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী এক থেকে দু সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। তবে এটি নির্ভর করছে আবহাওয়ার ওপর। বৃষ্টি যদি না হয় এবং পানি কমার হার যদি একই থাকে তাহলে এক সপ্তাহের মধ্যেই দেশের সবগুলো বাকি নদনদীর পানিও বিপদ সীমার নিচে চলে আসবে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আর থাকবে না।" বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকার ডেমরা পয়েন্টে বালু নদীর পানি ৫ সেন্টিমিটার ও নারায়ণগঞ্জ পয়েন্টে শীতলক্ষ্যা নদীর পানি ১১ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩২ ও ২৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। মিরপুর পয়েন্টে তুরাগ, টঙ্গী পয়েন্টে টঙ্গী খালের পানিও কমতে শুরু করেছে। এই দুই পয়েন্টে পানি বিপদসীমার ৫৮ ও ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানিও কমেছে। কালিগঙ্গা নদীর পানি তারাঘাট পয়েন্টে, ধলেশ্বরী নদীর পানি জায়গির ও রিকাবীবাজার পয়েন্টে ৭৫, ৮৩ ও ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এদিকে, আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি প্রতিদিনই কমছে। গত ২৪ ঘণ্টায় এ নদীর পানি আরিচা পয়েন্টে ১৬ সেন্টিমিটার কমে এখনও বিপদ সীমার ৪০ সেন্টিমিটার ওপরে রয়েছে। গঙ্গা অববাহিকার নদীগুলোর পানি কমার হারও অব্যাহত আছে। তবে ভাগ্যকূল ও গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি এখনও বিপদ সীমার ৫৭ ও ৬৬ সেন্টিমিটার ওপরে রয়েছে। ঝিকরগাছা পয়েন্টে কপোতাক্ষ নদীর পানি ২ সেন্টিমিটার কমেও বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘনা অববাহিকার নদীগুলোর মধ্যে মেঘনার পানি ভৈরব বাজার পয়েন্টে বিপদ সীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কংস নদীর পানিও জারিয়াজানজিল পয়েন্টে বিপদ সীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বন্যার সার্বিক চিত্র নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর