ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যাওড়াপাড়া এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছে রুবেল (১৮) নামের এক স্কুলছাত্র। বৃহস্পতিবার একই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশ।
রুবেল মিরপুর ১০ নম্বর সেকশনের হাজী আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম মিজান মিয়া, বাসা শ্যাওড়াপাড়ার ওলিমিয়ার ট্যাক এলাকায়।
মিরপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক মামুনুর রশীদ খান জানান, বৃহস্পতিবার দুপুরে রুবেল তার বন্ধু পারভেজ (১৫), আলমগীর (১২) ও নুরুল ইসলামের (১৮) সঙ্গে ওলিমিয়ার ট্যাক ব্রিজের ওপর আড্ডা দিচ্ছিল। বেলা পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। দুপুর পৌনে ১টার দিকে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রুবেলকে মৃত ঘোষণা করেন। রুবেলের পেটের ডানদিকে ছুরির আঘাত লেগেছে। বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছে।
মামুনুর রশীদ খান বলেন, "হামলার কারণ জানতে তদন্ত চলছে। আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। এ বিষয়ে এখনও কোনও মামলা হয়নি।
এদিকে আহত পারভেজের মা পারভীন আক্তার জানান, গত মঙ্গলবার শ্যাওড়াপাড়ার আনন্দ বাজার এলাকার ছেলেদের সঙ্গে ওলিরটেক এলাকার ছেলেদের একটি ক্রিকেট ম্যাচ হয়। খেলাকে কেন্দ্র করে ওইদিন দুই এলাকার ছেলেদের মধ্যে কথা কাটাকাটি ও সামান্য মারামারিও হয়। এরপর গত কয়েকদিনে আর কিছু হয়নি। কিন্তু বৃহস্পতিবার আনন্দ বাজার এলাকার সন্ত্রাসীরা তার ছেলে ও ছেলের বন্ধুদের ওপর হামলা চালায়।
হাসপাতালে ভর্তি আলমগীর ও নুরুল ইসলামও জানিয়েছেন, মঙ্গলবারের খেলা ও মারামারির জের ধরেই তাদের ওপর হামলা চালানো হয়েছে।
আহতদের মধ্যে পারভেজের বাম বাহুতে, আলমগীরের ডান পাজরে এবং নুরুল ইসলামের বাম কাঁধ ও ডানহাতের কব্জিতে ছুরির আঘাত লেগেছে। তাদের সবার বাসা মধ্য পীরেরবাগ এলাকায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/১৯৪৭ ঘ.
bdnews24