২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাটকল শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ, নিহত ১

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত চট্টগ্রামের আমিন জুট মিলস লিমিটেডের শ্রমিকদের সঙ্গে বৃহস্পতিবার পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এক শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ২২ জন শ্রমিককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল ১০টা থেকে কাজ বন্ধ করে ব্যারিকেড দিয়ে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ব্যারিকেড তুলে দিতে গেলে তারা ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। এরপরই পুলিশের সঙ্গে তাদের সংষর্ঘ বাধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 07:40 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত চট্টগ্রামের আমিন জুট মিলস লিমিটেডের শ্রমিকদের সঙ্গে বৃহস্পতিবার পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এক শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ২২ জন শ্রমিককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল ১০টা থেকে কাজ বন্ধ করে ব্যারিকেড দিয়ে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ব্যারিকেড তুলে দিতে গেলে তারা ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। এরপরই পুলিশের সঙ্গে তাদের সংষর্ঘ বাধে। বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ, র‌্যাব ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল সোয়া পাঁচটার দিকে থমথমে পরিস্থিতির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া পাহারায় পাটকলটি আবার চালু করা হয়। সন্ধ্যার পর শ্রমিকদের শুধু গত সপ্তাহের বেতন দেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক জহির আহমদ জানান, বেলা পৌনে ১২টার দিকে আমিন জুট মিলের আহত এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে তার নাম জানা যায়নি। সংঘর্ষে দু'জন পুলিশ সদস্যও আহত হন বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার। আমিন জুট মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) আমিনুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার ছিল শ্রমিকদের সপ্তাহের বেতন দেওয়ার নির্ধারিত দিন। কর্তৃপক্ষ তাদের এক সপ্তাহের বেতন দেওয়ারও ব্যবস্থা করেছিল। কিন্তু তারা দুই সপ্তাহের বেতন দাবি করে। কিন্তু একসঙ্গে এত টাকা দেওয়ার সঙ্গতি মিল কর্তৃপক্ষের নেই।" তিনি জানান, দাবি অনুযায়ী বেতন না পেয়ে শ্রমিকরা সকাল ১০টা থেকে কাজ বন্ধ করে রাস্তায় ব্যারিকেড দেয়। পরে পুলিশের সঙ্গে তাদের সংষর্ঘ বাধে। শ্রমিকদের ১০ সপ্তাহের বেতন বকেয়া থাকার বিষয়টি স্বীকার করে তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে তাদের এক সপ্তাহের বকেয়া বেতন দেওয়া শুরু হয়েছে। রাতে আমিনুর রহমান আরো জানান, সংঘর্ষের ঘটনায় ব্যবস্থাপক (ভাণ্ডার) হামাদুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সাবেক সিবিএ নেতা ও মিলের শ্রমিক আব্দুল খালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশের সঙ্গে সংঘর্ষ আরও তীব্র হয়। পুলিশ এ সময় লাঠিপেটা করার পাশাপশি কাঁদানে গ্যাস ছোঁড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ছয় ঘণ্টা স্থায়ী সংঘর্ষের সময় শ্রমিকরা ইট পাটকেল ও লাঠিসোটা ব্যবহার করে। অন্যদিকে, পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। সংঘর্ষের সময় আমিন জুট মিলের সামনের ও আশপাশের এলাকা ছিল অবরুদ্ধ। পাটকলের সামনের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও সন্ধ্যার পরও দোকান খোলেননি ব্যবসায়ীরা। পাটকলটির মহাব্যবস্থাপক আমিনুর রহমান সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষ থামার পর প্রশাসনের সহায়তায় বিকেল সোয়া পাঁচটায় কারখানার দুটি ইউনিট চালু করা হয়েছে। প্রায় ৫০ ভাগ শ্রমিক এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিকেল পর্যন্ত আমি একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) আশিকুর রহমান ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রাতে জানান, আমিন জুট মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিকেলে একটি বৈঠক করেছেন। বৈঠকের পর কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া শুরু করেছে বলেও জানান তিনি। পাঁচলাইশ থানার দায়িত্বরত উপপরিদর্শক মাহমুদা বলেন, এখন পর্যন্ত ২২জন শ্রমিককে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়েছে। সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তাদের চারজনই গ্রেপ্তার আতঙ্কে হাসপাতাল ছেড়ে গেছেন বলে জানান তিনি। এদিকে পাট ও পাটশিল্প গণকমিশনের নেতৃবৃন্দ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আলাদা বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। নিহত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আমিন জুটমিলের শ্রমিকদের বকেয়া বেতনসহ সব পাওনা পরিশোধের দাবি জানিয়েছে সংগঠন দুটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমএআর/এসএনডি/জেকে/১৮৩৮ ঘ.