২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাদিম মোস্তফার বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের মামলার রায় ১৪ আগস্ট

চাঁদাবাজি ও ভোট কেন্দ্র দখলের অভিযোগে সাবেক বিএনপি সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে দুর্গাপুর উপজেলার সেকেন্দার আলীর দায়ের করা মামলার রায় হবে আগামী ১৪ আগস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

রাজশাহী, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও ভোট কেন্দ্র দখলের অভিযোগে সাবেক বিএনপি সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে দুর্গাপুর উপজেলার সেকেন্দার আলীর দায়ের করা মামলার রায় হবে আগামী ১৪ আগস্ট। রাজশাহী অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজাউল ইসলামের আদালতে যুক্তিতর্ক শেষে বুধবার দুপুরে রায়ের তারিখ নির্ধারণ করা হয়। আদালতে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক চলে বেলা পৌনে ১১ টা থেকে থেকে দুপুর ২টা পর্যন্ত। মামলার আসামি দুর্গাপুর পৌরসভার চেয়ারম্যান সাইদুর রহমান মন্টু, গাফ্ফার মন্টু, বাবর আলী বাবুল, আনসার আলী ও শামসুল হককে আদালতে হাজির করা হয়। তবে নাদিম মোস্তফাসহ মামলার ১২ আসামি পলাতক রয়েছেন। মামলার এজাহারে বলা হয়, ২০০৩ সালের ১৪ জুলাই মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নাদিম মোস্তফার নির্দেশে আসামিরা চেয়ারম্যান প্রার্থী আলী হাসান ইমাম সুমনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আসামিরা ভোট কেন্দ্রে হামলা চালায়। তাতে আহত হন মামলার বাদী সেকেন্দার আলী ও তার ভাই জামাল। সেকেন্দার আলী গত ২৪ এপ্রিল নাদিম মোস্তফাসহ ২০ জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলাটি করেন। দুর্গাপুর থানার উপপরিদর্শক গোলাম মোহাম্মদ গত ১৮ মে আদালতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। । আদালত এই মামলায় মোট ১২ জনের সাক্ষ্য নিয়েছে। রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে জঙ্গি মদদসহ প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মোট ১৭টি মামলা হয়। এর মধ্যে ত্রাণের টিন আত্মসাতের মামলায় তিনি খালাস পেয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৮১৫ ঘ.