সাভার, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ মোহাম্মদ ছলিম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। অপরদিকে আমিন বাজার এলাকায় ১০ কেজি গাঁজাসহ রাহেলা খাতুন (৫৫) নামে এক নারীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তারা।
র্যাব-১১ সাভার ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন গোলাম রব্বানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানার পেছনে ডাকাতির প্রস্তুতিকালে ছলিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছে পাওয়া যায় একটি এলজি ও এক রাউন্ড গুলি।
র্যাবের অভিযান টের পেয়ে ছলিমের ৭/৮ সহযোগী পালিয়ে যায় বলে গোলাম রব্বানী জানান। তবে তিনি জানান, তাদের পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।
মো. ছলিমের বাড়ি ধামরাই উপজেলার ফুটনগর এলাকায়।
আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকা থেকে বুধবার সকালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাহেলা খাতুনকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শহিদুল্লাহ।
এ ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৩ ঘ.
bdnews24