ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মিগ-২৯ ও ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা বাতিলের জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দু'টি আবেদনের শুনানি এক দিনের জন্য মূলতুবি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার পক্ষে নতুন নিয়োগপ্রাপ্ত কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। মেঘনা ঘাট বিদ্যুৎ প্রকল্প স্থাপন দুর্নীতি মামলা বাতিলের হাসিনার আবেদনের ওপরও বুধবার শুনানি হবে।
ব্যারিস্টার শফিক আহমেদ এক সপ্তাহ সময়ের আবেদন জানিয়ে বলেন, এই মামলা দু'টি পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ নথিপত্র ফেরত দিয়েছেন। শেখ হাসিনা তার এ আবেদন দু'টি পরিচালনার জন্য আমাকে কৌসুলি নিয়োগ করেছেন। আবেদন দুটি শুনানিতে প্রস্তুতি গ্রহণের জন্য এক সপ্তাহ সময় প্রয়োজন।
আদালত বলেন, আগেও একই কথা বলে এক সপ্তাহ সময় নেওয়া হয়েছিল। তাই আর সময় দেওয়া হবেনা । যদি আপনারা এখানে মামলা না করতে চান তাহলে আবেদনটি এই আদালতের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে।
ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বাধ্য হয়ে সময়ের আবেদন করেছি। আমরা এ আদালতেই আবেদন দু'টির শুনানি চাই।
তিনি শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার জন্য ওকালতনামা আদালতে দাখিল করেন। সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ মিঞা বলেন, সিনিয়র কৌসুলিরা ওকালতনামা দায়ের না করেই মামলা পরিচালনা করতে পারেন। তিনি বলেন, এক দিনের সময় দেওয়া যেতে পারে।
উল্লেখ্য, বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ বিমান ক্রয় দুর্নীতি মামলাটি দায়ের করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ৫ জনকে আসামী করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে ৮টি মিগ-২৯ বিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় ৭শ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ আনা হয়।
২০০৩ সালের ২৯ জানুয়ারি শেখ হাসিনা ৭ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই মামলাটি বাতিলের জন্য তিনি আবেদন জানালে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
অপরদিকে ২০০২ সালের ৭ আগস্ট তেজগাঁও থানায় দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা জয়নুল আবেদীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা দায়ের করেন। এ মামলায় আসামীদের বিরুদ্ধে সরকারের ৪শ ৪৭ কোর্টি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। ২০০৩ সালের ৩ আগস্ট এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছর ৬ ডিসেম্বর শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন জানালে আদালত মামলাটির কার্যক্রম স্থগিত করে দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৪০৬ ঘ.
bdnews24