ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন ভেঙে বিদেশি মুদ্রা রাখার মামলায় খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা মহানগর বিশেষ আদালত-৯ এর বিচারক সৈয়দ জাহেদ মনসুর এই মামলায় হারিছ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৯ আগস্ট সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করেন। হারিছ চৌধুরীকে মামলায় পলাতক দেখানো হয়েছে।
মুদ্রা আইনে দায়ের করা মামলাটি জরুরি ক্ষমতা অধ্যাদেশের অন্তর্ভুক্ত করে নেওয়ায় এর বিচার কাজ ৪৫ দিনের মধ্যে শেষ করতে হবে। হারিছ চৌধুরীর অনুপস্থিতিতেই মামলার কাজ চলবে।
যৌথ বাহিনীর সদস্যরা গত ৪ ফেব্র"য়ারি হারিছের গুলশানের বাসায় অভিযান চালিয়ে ২ হাজার মার্কিন ডলার, ৮৬৫ ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, ৬০০ সিঙ্গাপুরী ডলার, ৬৪ হাজার ৬৭১ টাকা ও একটি কূটনৈতিক পাসপোর্ট জব্দ করে। এ ব্যাপারে গুলশান থানায় হারিছ চৌধুরীর বিরুদ্ধে মুদ্রা আইনে একটি মামলা করা হয়। পরে এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গুলশান থানা পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/১৭৫৮ ঘ.
bdnews24