২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় নাসের রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

সিলেটের ঠিকাদার নূরুজ্জামানের দায়ের করা দুই কোটি টাকা চাঁদাবাজির মামলায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক বিনয় কুমার মজুমদার সোমবার অভিযোগ গঠন করে ৮ আগস্ট থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 12:05 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

সিলেট, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের ঠিকাদার নূরুজ্জামানের দায়ের করা দুই কোটি টাকা চাঁদাবাজির মামলায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক বিনয় কুমার মজুমদার সোমবার অভিযোগ গঠন করে ৮ আগস্ট থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ ধার্য করেন। অভিযুক্তরা হলেন, সাবেক সাংসদ নাসের রহমান, মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার বিএনপির যুগ্ম সম্পাদক ওয়ালি সিদ্দিকী, মৌলভীবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক ও সহকারী প্রকৌশলী মনোয়ার সাদিক এবং সিলেটের সাবেক নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। মামলার দুই নম্বর আসামি মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরী উচ্চ আদালত থেকে তার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ পাওয়ায় তার নাম তালিকায় রাখা হয়নি। নাসের রহমান, আরিফুল হক চৌধুরী ও ফয়জুল করিম ময়ূন এখন কারাবন্দি। এছাড়া মনোয়ার সাদিক সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহারে ঠিকাদার নূরুজ্জামান দাবি করেছেন, সিলেটের ফেঞ্চুগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ২০০২-০৩ অর্থবছরে সওজের ৩২ কোটি টাকার কাজ পাওয়ার পর নাসের রহমান তার কাছে দুই কোটি টাকা চাঁদা করেন। এ টাকা না দেওয়ায় ক্ষমতার দাপট খাটিয়ে ২০ অক্টোবর পুরো কাজ বাতিল করা হয়। এ সময় ব্যাংক জামানত ২ কোটি ৮৫ লাখ টাকাও ফেরত দেওয়া হয়নি। অভিযোগে আরও বলা হয়, চাঁদা না দেওয়ায় তাকে ২০০৩ সালের ১৮ নভেম্বর গ্রেপ্তার করা হয়। পরে শ্রীমঙ্গল থানা হাজতে আটকে রেখে নাছের রহমান নিজে উপস্থিত থেকে তার অনুগতদের দিয়ে নূরুজ্জামানকে মারধর করেন। সিলেট নগরীর মীরাবাজারের ঠিকাদার নূরুজ্জামান এসব অভিযোগে গত ১৬ ফেব্র"য়ারি সিলেট কোতোয়ালি থানায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান নয় জনকে আসামি করে মামলা করেন। পরদিন ১৭ ফেব্র"য়ারি সাইফুর রহমানের নাম বাদ দিয়ে আট জনকে আসামি করে মামলাটি নথিভুক্ত হয়। প্রায় একমাস পর ১৭ মে পুলিশ সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমআই/১৭৫৭ ঘ.