২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয় বৈধ করতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে খালেদাকে

খালেদা জিয়া যথাযথ নিয়ম মেনে তার অঘোষিত অর্থ বৈধ করার আবেদন করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা গ্রহণ করবে। এজন্য তাকে এনবিআরের আয়কর রিটার্ন ফরমে আবেদন করতে হবে। রোববার এনবিআর কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সংস্থাটির চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরো জানান, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান নিয়ম আনুযায়ী তার অঘোষিত অর্থ বৈধ করার আবেদন করায় এনবিআর তা গ্রহণ করেছে। বদিউর রহমান সাংবাদিকদের বলেন, ''খালেদা জিয়া তার অঘোষিত আয় বৈধ করার যে আবেদন করেছেন তাতে আয়কর অধ্যাদেশের নিয়ম অনুসরণ করা হয়নি।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 06:17 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া যথাযথ নিয়ম মেনে তার অঘোষিত অর্থ বৈধ করার আবেদন করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা গ্রহণ করবে। এজন্য তাকে এনবিআরের আয়কর রিটার্ন ফরমে আবেদন করতে হবে। রোববার এনবিআর কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সংস্থাটির চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরো জানান, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান নিয়ম আনুযায়ী তার অঘোষিত অর্থ বৈধ করার আবেদন করায় এনবিআর তা গ্রহণ করেছে। বদিউর রহমান সাংবাদিকদের বলেন, ''খালেদা জিয়া তার অঘোষিত আয় বৈধ করার যে আবেদন করেছেন তাতে আয়কর অধ্যাদেশের নিয়ম অনুসরণ করা হয়নি। তিনি আয়কর প্রতিবেদনও জমা দেননি। এ কারণে এনবিআর তার আবেদন নেয়নি। তবে এখনও অঘোষিত আয় বৈধ করার সময় আছে। তিনি যদি যথাযথ নিয়ম মেনে দ্বিতীয় দফা আবেদন করেন তাহলে তার আবেদন অবশ্যই গ্রহণ করা হবে।'' এনবিআর চেয়ারম্যান আরো জানান, শেখ হাসিনার সব ব্যাংক হিসাব জব্দ করা হলেও মাসিক খরচ মেটানোর জন্য তিনি যে কোনো একটি হিসাব থেকে মাসে ৫০ হাজার টাকা তুলতে পারবেন। এদিকে রোববার বিকেলে অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে এনবিআর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি জরুরি বৈঠক হয়েছে। বিকেল সোয়া ৪টা থেকে সোয়া ৬টা পর্যন্ত দুই ঘণ্টার ওই বৈঠকে খালেদা জিয়া ও সাইফুর রহমানের অঘোষিত আয় বৈধ করা এবং শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করার বিষয়টিসহ রাজস্ব আদায় বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে অর্থ উপদেষ্টা কিংবা এনবিআর চেয়ারম্যান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বৈঠক শেষে সাংবাদিকরা সচিবলয়ে অর্থ উপদেষ্টার কাছে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ''আমারা একটি বৈঠক করেছি। এ ব্যাপারে আর কিছু বলা যাবে না।'' একই বিষয়ে এনবিআর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "বৈঠকের বিষয়ে কিছু বলা যাবে না।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২৩৫৪ ঘ.