২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক থেকে মাসে ৫০ হাজার টাকা তুলতে পারবেন হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ব্যাংক হিসাব জব্দ করা হলেও মাসিক খরচ মেটানোর জন্য তিনি যে কোনো একটি হিসাব থেকে মাসে ৫০ হাজার টাকা তুলতে পারবেন। এছাড়া জরুরি প্রয়োজনে বা অসুস্থ হলে প্রয়োজনীয় টাকার জন্য এনবিআরের গোয়েন্দা বিভাগের প্রধানের কাছে আবেদন করতে পারবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 05:46 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ব্যাংক হিসাব জব্দ করা হলেও মাসিক খরচ মেটানোর জন্য তিনি যে কোনো একটি হিসাব থেকে মাসে ৫০ হাজার টাকা তুলতে পারবেন। এছাড়া জরুরি প্রয়োজনে বা অসুস্থ হলে প্রয়োজনীয় টাকার জন্য এনবিআরের গোয়েন্দা বিভাগের প্রধানের কাছে আবেদন করতে পারবেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান রোববার সাংবাদিকদের এ তথ্য জানান। এনবিআর কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ''শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলেও মাসিক খরচ মেটাতে তিনি একটি অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তুলতে পারবেন। এছাড়া অসুস্থ হলে চিকিৎসার খরচ মেটাতে কিংবা জরুরি প্রয়োজনে টাকার দরকার হলে এনবিআরের গোয়েন্দা বিভাগের প্রধানের কাছে ব্যাংক থেকে টাকা তোলার জন্য আবেদন করতে পারবেন তিনি।" বদিউর রহমান আরো জানান, এ পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেগুলোর মাসিক খরচ চালানোর জন্য ব্যাংক থেকে টাকা তোলার আবেদন করলে এনবিআরের সংশ্লিষ্ট শাখা তা অনুমোদন করবে। এদিকে রোববার বিকেলে অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে এনবিআরের চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা একটি জরুরি বৈঠক করেছেন। তবে অর্থ উপদেষ্টা বা বদিউর রহমান কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার অঘোষিত অর্থ বৈধ করার আবেদন করলে এনবিআর তা গ্রহণ করবে বলে বদিউর রহমান জানান। এজন্য খালেদা জিয়াকে এনবিআরের আয়কর রিটার্ন ফর্মে দ্বিতীয় দফা আবেদন করতে হবে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২২০২ ঘ.