সাভার, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পোশাক কারখানা লেনি ফ্যাশনে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শ্রমিকরা শনিবার সুস্থ হয়ে উঠেছেন।
লেনি ফ্যাশনে উপদেষ্টা হিসেবে কর্মরত মোয়াজ্জেম খান জানান, "শ্রমিকদের খাবারে সমস্যা ছিল, তাই তাদের পেটে সমস্যা দেখা দেয়। অসুস্থ সবাইকে অ্যান্টিবায়োটিক স্যালাইন দেওয়ায় তারা সুস্থ হয়ে যার যার বাড়ি চলে গেছেন। এখন শুধু দুজন শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন।"
তিনি জানান, শ্রমিকদের অসুস্থতার কারণে শনিবার কারখানা বন্ধ রাখা হয়। রোববার সাপ্তাহিক ছুটির দিন, তাই সোমবার কারখানা খুলবে।
ওই পোশাক কারখানায় দুপুরের খাবার সরবরাহকারী কলমিলতা খাদ্য ভাণ্ডারের ব্যাপারে তিনি জানান, প্রতিষ্ঠানটির খাবার পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল হাতে পেলেই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার দুপুরে সাভারের পুরাতন ইপিজেড এর এই পোশাক কারখানার সাড়ে চারশ শ্রমিক খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/০০১২ ঘ.
bdnews24