ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশ বিভাগের পর ছয় দশক বাংলাদেশে বসবাস করলেও ভোটাধিকার পাননি উর্দুভাষী বিহারিরা। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় নিজেদের উর্দুভাষী বাংলাদেশি হিসেবে অভিহিত করে আগামী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ও নাগরিকত্ব চেয়েছেন তারা।
আটকে পড়া পাকিস্তানি যুব পুর্নবাসন আন্দোলনের সাধারণ সম্পাদক শহীদ আলী বাবুল সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের নিয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় নিজেদের বাংলাদেশি দাবি করে বলেন, "আমরা পাকিস্তানি নই, আমরা উর্দুভাষী বাংলাদেশি। আমরা এদেশেই জন্ম নিয়েছি। তাই আমাদের ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করে নিয়ে নাগরিকত্ব দেওয়া উচিত।"
বাবুল বলেন, "নিদারুণ বঞ্চনার মধ্যে আমরা মানবেতর জীবন যাপন করছি। চাকরি, শিক্ষা, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা কোনো ক্ষেত্রেই আমাদের কোনো অধিকার নেই।"
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার পিয়া প্রিৎজ ফিরি এ বিষয়ে সাংবাদিকদের বলেন, "তারা আসলে পাকিস্তানি নয়, উর্দুভাষী দেশহীন মানুষ।"
বাংলাদেশে পঞ্চাশ বছরের বেশি সময় বসবাস করলেও উর্দুভাষী প্রায় তিন লাখ মানুষ নাগরিকত্ব বা ভোটাধিকার পাননি। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তারা তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়। মুক্তিযুদ্ধের সময় বিহারিরা পাকিস্তানের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তারা ভেবেছিলেন, পাকিস্তান তাদের নাগরিকত্ব দেবে।
বাংলাদেশ স্ব^াধীন হওয়ার পর উর্দুভাষীদের নাগরিকত্ব দেওয়া হয়নি। পাকিস্তান সরকার প্রাথমিক পর্যায়ে সোয়া এক লাখ বিহারিকে পাকিস্তানে ফিরে যাওয়ার সুযোগ দিলেও বাকি তিন লাখকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় তিন দশকের বেশি সময় ধরে বিহারিরা দেশহীন মানুষ হিসেবে বসবাস করছেন এদেশে।
বিহারিরা ঢাকা, রংপুর, সৈয়দপুর, দিনাজপুরসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে বসবাস করায় ঠিক কতজন বিহারি নারী-পুরুষ ভোটার হওয়ার উপযুক্ত তার হিসাব পাওয়া কঠিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/এমএইচবি/২০৫০ ঘ.
bdnews24