২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল ও মৌলভীবাজারে শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 04:45 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও মৌলভীবাজারে শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় আনারস বোঝাই ট্রাক উল্টে শুক্রবার সকালে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। এরা সবাই আনারস ব্যবসায়ী। ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক আবদুল হালিম জানান, মধুপুর থেকে গাইবান্ধাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মধুপুর উপজেলার সুবোধ চত্তনা গ্রামের আজিজুল হক (৪৫) ও মতরাং মারাক (৩৫) মারা যান। আহত আনোয়ার (২০), নুরুল ইসলাম (৪৫) ও মাসুদ (২৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাটাইল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তবে চালক পালিয়ে গেছে। মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গল শহরের কাছে কালীঘাট রোডে শুক্রবার সকাল আটটার দিকে একটি যাত্রীবাহী জিপ উল্টে ঘটনাস্থলেই একজন নিহত ও চার জন আহত হন। নিহতের নাম আব্দুল খালেক (৪৫), বাড়ি নরসিংদীর রাংপুরা থানার বাশগাড়ি গ্রামে। আহতরা হচ্ছেন- কুমিল্লার তিতাস থানার হালিম মিয়া (৩৫), মাদারীপুর জেলার বদরপাশা গ্রামের দেলওয়ার হোসেন (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশ মৌজা গ্রামের হাসান মিয়া (৫০) ও একই থানার ছরলাপুর গ্রামের বাকির মিয়া (৩৫)। নিহত ও আহতদের সবাই পেশায় ফেরিওয়ালা। তারা জিপে করে বালিছিড়া চা বাগানে যাচ্ছিলেন। শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক কে এম নজরুল জানান, বেপরোয়া গতিতে শ্রীমঙ্গল থেকে বালিছিড়া চা বাগানের দিকে যাওয়ার পথে জিপটি উল্টে যায়। তিনি জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জীপটি আটক করা হলেও চালক পালিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএআর/জেকে/এমআই/২২৪৩ ঘ.