কুমিল্লা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এ আর এক আবুল খায়েরের কাহিনী। দ্রুত ছুটে আসছে ট্রেন। সামনে রেল লাইনের ফিশপ্লেট বিচ্ছিন্ন হয়ে ফাঁকা হয়ে আছে প্রায় এক ফুটের মতো। আর খানিকটা সামনে এগোলেই নিশ্চিত দুর্ঘটনা। কিশোর রকিবুল হাসানের হাতে একদম সময় নেই। দ্রুত গায়ের লাল গেঞ্জিটি খুলেই সে ওড়াতে থাকে। আস্তে আস্তে থেমে যায় ঢাকা থেকে নোয়াখালীর দিকে ছোটা আন্তঃনগর উপকূল এক্সপ্রেসের চাকা।
চালক মাইনউদ্দিন চৌধুরী নেমে এসে জড়িয়ে ধরেন রকিবকে। একে একে নেমে আসেন যাত্রীরাও। মুহূর্তেই তারা জেনে যান এক কিশোরের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় দুর্ঘটনার কবল থেকে সবাই রক্ষা পেয়েছেন। রকিবকে অনেকে আদর করেন, কেউবা তাকিয়ে থাকেন অবাক চোখে। জানাচ্ছেন আমাদের কুমিল্লা প্রতিনিধি আতিবুর রহমান।
এ ঘটনা বৃহস্পতিবার সকালের। পৌনে ১১টার দিকে একটি নৌকা নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁনগ্রাম এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের পাশে ঘাস কাটতে গিয়েছিল দশম শ্রেণীর ছাত্র রকিবুল হাসান। পাশের শ্রীমন্তপুর গ্রামের হাজী আবদুল মতিন (৬৫) এই সময় তাকে রেল লাইনের ফাঁকা হয়ে যাওয়া অংশ দেখান।
রকিব দৌঁড়ে গিয়ে পাশের পদুয়ার বাজার রেল ক্রসিংয়ের গেটম্যানকে ঘটনাটি জানায়। কিন্তু গেটম্যান তার কথা বিশ্বাস না করায় সে আবার ফিরে আসে। তখনই আসছিল উপকূল এক্সপ্রেস। সময় নষ্ট না করে গায়ের লাল গেঞ্জিটি খুলে ওড়াতে থাকে রকিব। তার এ তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান প্রায় হাজারখানেক যাত্রী।
বৃহস্পতিবার দুপুরের পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশপাশ থেকে ছুটে আসা লোকজনদের সকালের দুঃসাহসিক সেই ঘটনার বর্ণনা দিচ্ছে রকিব। তাকে ঘিরে থাকা মুগ্ধ মানুষের ভিড় ক্রমেই বেড়ে চলছে।
ট্রেন চালক মাইনউদ্দিন চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রকিব ট্রেন থামার সংকেত না দিলে নিশ্চিত দুর্ঘটনা ঘটত।"
"ওই কিশোর আর চালকের জন্যই দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত মানুষ" বিহ্বল গলায় বলেন যাত্রী আবু ইউসুফ।
এ ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম- সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
রকিবুল হাসানের এই সাহসিকতার ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম যোগাযোগ করে আবুল খায়েরের সঙ্গে। ১৯৯৬ সালের ১৩ জুলাই চাঁদপুরের টোরাগড়ে কিশোর আবুল খায়ের প্রায় একইভাবে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসকে।
আবুল খায়ের বলেন, "রকিবের সাহসিকতায় আমি মুগ্ধ। আমার মতোই সে অনেক যাত্রীর প্রাণ বাঁচাতে পেরেছে। সবারই উচিত এভাবে মানুয়ের বিপদে এগিয়ে আসা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/এমএইচবি/২৩০০ ঘ.
bdnews24