২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা ও পঙ্কজ দম্পতির দুর্নীতি মামলার যুক্তিতর্ক ৭ ও ৮ আগস্ট

সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা, তার স্ত্রী সিগমা হুদা এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ ও তার স্ত্রী মনিকা দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আদালত আগামী ৭ আগস্ট হুদা দম্পতি ও ৮ আগস্ট পঙ্কজ দম্পতির মামলায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগষ্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা, তার স্ত্রী সিগমা হুদা এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ ও তার স্ত্রী মনিকা দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আদালত আগামী ৭ আগস্ট হুদা দম্পতি ও ৮ আগস্ট পঙ্কজ দম্পতির মামলায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছে। প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হুদা দম্পতির বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় যুক্তিতর্কের জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন। গত ১১ মার্চ কমিশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ধানমণ্ডি থানায় এই মামলা দায়ের করেন। ৫ জুলাই এ মামলায় অভিযোগ গঠন করা হয়। ৯ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার পর মোট ৪৮ জন এ মামলায় সাক্ষ্য দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। ঘুষের টাকা সাপ্তাহিক খবরের অন্তরালে পত্রিকার ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। সিগমা হুদা এই পত্রিকাটির প্রকাশক। নাজমুল হুদাকে গত ৩ ফেব্র"য়ারি গভীর রাতে ও সিগমা হুদাকে ৫ জুলাই গ্রেপ্তার করা হয়। এদিকে বিশেষ জজ আদালত-১ এ বৃহস্পতিবার পঙ্কজ দেবনাথ দম্পতির বিরুদ্ধে দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মো. ফিরোজ আলম আগামী বুধবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন। গত ২২ মার্চ দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব-বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া এবং সম্পদের উৎস গোপন করার অভিযোগে পঙ্কজ দেবনাথ ও তার স্ত্রীর বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক আব্দুল লতিফ। গত ২৭ জুন এ মামলায় অভিযোগ গঠন করে ১ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট ৫৮ জনের সাক্ষ্য নেওয়ার পর বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, পঙ্কজ দেবনাথ ৩২ লাখ টাকার স্থায়ী সঞ্চয়সহ (এফডিআর) ৬৫ লাখ ১৬ হাজার ৬১৬ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। তার স্ত্রী মনিকা দেবনাথ তাকে এ বিষয়ে সহযোগিতা করেছেন। পঙ্কজ দেবনাথ এ মামলায় কারাগারে আটক থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৮০৭ ঘ.