২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ-২৯ মামলা বাতিল আবেদনের শুনানি এক সপ্তাহ মুলতুবি

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদনের শুনানি এক সপ্তাহ মূলতুবি করেছে হাইকোর্ট। আগামী ৭ আগস্ট মামলা বাতিলের এ আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার ফজলে নূর তাপসের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করে। মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার আবেদনটি আদালতের কার্যতালিকার ১৫ নং ক্রমিকে শুনানির জন্য অন্তর্ভূক্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 06:48 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদনের শুনানি এক সপ্তাহ মূলতুবি করেছে হাইকোর্ট। আগামী ৭ আগস্ট মামলা বাতিলের এ আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার ফজলে নূর তাপসের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করে। মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার আবেদনটি আদালতের কার্যতালিকার ১৫ নং ক্রমিকে শুনানির জন্য অন্তর্ভূক্ত হয়। শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার ফজলে নুর তাপস ৩ সপ্তাহ সময়ের আবেদন জানিয়ে বলেন, এ মামলার সিনিয়র আইনজীবী ফাইল ফেরত দিয়েছেন। তাই নতুন সিনিয়র আইনজীবী নিয়োগ করতে হবে। এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মেঘনা ঘাট বিদ্যুৎ প্রকল্প স্থাপন দুর্নীতি মামলা বাতিলের আবেদনের ওপর এই আদালতে ২২ আগস্ট শুনানি অনুষ্ঠিত হবে। ওই তারিখ পর্যন্ত তিনি মিগ-২৯ দুর্নীতি মামলাটির শুনানি মূলতুবির আবেদন জানান। আদালত বলেন, এর আগেও কয়েকবার এ মামলাটির শুনানিতে সময় নেওয়া হয়েছিল। আর শুনানি মূলতুবি করা উচিত হবে না। এ পর্যায়ে ব্যারিস্টার তাপস অন্তত এক সপ্তাহ সময় দেওয়ার আবেদন জানালে আদালত ৭ আগস্ট শুনানির জন্য দিন ধার্য করেন। সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ সময়ের আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন। বিলুপ্ত দুর্নীতি ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল-জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ৫ জনকে আসামী করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় ৭শ কোটি টাকা ক্ষতি করা হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়। ২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ওই বছরেই শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে ১২৩৫ ঘ.