ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র রাখার দায়ে ফেনী, ফরিদপুর ও কক্সবাজারে ছয়জনকে কারাদণ্ড দিয়েছে আদালত।
আমাদের ফেনী প্রতিনিধি জানান, অস্ত্র রাখার দায়ে ফেনীতে মো. ইলিয়াছ (৩০) ও জসিম উদ্দিনকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শরফুদ্দিন মানিক জানান, চলতি বছরের ১২ ফেব্র"য়ারি তারিখে আসামিরা ডাকাতির প্রস্তুতিকালে সদর হাসপাতালের কাছে দুটি বন্দুকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন।
এ ঘটনায় উপ-পরিদর্শক মেজবাহ ফেনী থানায় মামলা করেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, রিভলবার ও গুলি রাখার দায়ে শহরের উত্তর আলীপুর এলাকার সুমন আহমেদকে (৩০) যথাক্রমে ১৪ ও ৩৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা মঙ্গলবার এ রায় দেন।
আসামি উভয় সাজা একসঙ্গে ভোগ করবেন বলে আদালত রায়ে উল্লেখ করেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৯ নভেম্বর রাতে র্যাব-৮ এর একটি দল সুমনের বাড়ি থেকে রিভলবার ও গুলি উদ্ধার করে। পরদিন সকালে র্যাব কর্মকর্তা আনিসুজ্জামান ফরিদপুর কোতয়ালি থানায় মামলা করেন।
কক্সবাজার প্রতিনিধি জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে কক্সবাজারে রফিকুল ইসলাম ডালিম ও তার দুই সহযোগী আল মামুন সিদ্দিকী প্রকাশ বাহাদুর ও শফি উল্লাহকে ২৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এরা তিনজনই এখন কারাগারে আছে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল ১নং আদালতের বিচারক মো. হাসান ইমাম মঙ্গলবার বিকালে এই রায় দেন।
মামলার বিবরণীতে বলা হয়েছে, রফিকুল ইসলাম ডালিম ও তার সহযোগীদের ধরতে ২০০০ সালের ১৫ নভেম্বর রাতে সদর উপজেলাধীন ঝিলংজা ইউনিয়নের তুষারছড়া পাহাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রায় তিনি ঘণ্টা গোলাগুলি শেষে ডালিম, তার সহযোগী মামুন ও শফি উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে দুটি বন্দুক, ২৪ রাউন্ড একে-৪৭ রাইফেলের গুলি ও ১২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামীকে অস্ত্র আইনে ১৫ বছর ও ১০ বছর করে মোট ২৫ বছর করে কারাদণ্ড দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২৩১৬ ঘ.
bdnews24