২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেসে আসা তিমিটির কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ

চট্টগ্রামের সমুদ্র উপকূলে ভেসে আসা মৃত তিমি মাছটির কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তিমিটিকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করলেও জোয়ারের কারণে তা সম্ভব হয়নি। পরে রাতে জেলা প্রশাসনের হস্তক্ষেপে মাটি চাপার দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসক জানিয়েছেন, মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সমুদ্র উপকূলে ভেসে আসা মৃত তিমি মাছটির কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তিমিটিকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করলেও জোয়ারের কারণে তা সম্ভব হয়নি। পরে রাতে জেলা প্রশাসনের হস্তক্ষেপে মাটি চাপার দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসক জানিয়েছেন, মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। প্রায় ৫০ ফুট দীর্ঘ তিমি মাছটিতে পচন ধরে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লেও হাজার হাজার মানুষ মঙ্গলবারও সেটি দেখতে ভিড় করেন। ১১ নম্বর হালিশহর ওয়ার্ডের কমিশনার ছিদ্দিক আহমেদ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটককমকে জানান, ভাটার সময় উপকূলের যে জায়গাটিতে তিমিটি আটকে ছিল সেখানে সকালে গর্ত খোড়া হয়। কিন্তু বেলা দেড়টার দিকে জোয়ারের পানিতে তিমিটি ভেসে দূরে চলে যাওয়ায় মাটি চাপা দেওয়া যায়নি। তিনি আরও জানান, তিমিটিতে পচন ধরায় পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আশপাশে টেকা দায় হলেও কৌতূহলী মানুষ সকাল থেকে মাছটিকে দেখতে ভিড় করছেন। রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মঞ্জুরুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসনের অনুরোধে তিমিটিকে মাটি চাপা দেওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক আশরাফ শামীমও এর সত্যতা স্বীকার করে বলেন, মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের 'মেরিন বায়োলোজিকাল ফিশারিজ মিউজিয়ামে' রাখা হতে পারে। তারা ব্যর্থ হলে জাতীয় যাদুঘর কর্তৃপক্ষকে এটি সংরক্ষণের জন্য অনুরোধ করা হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাফর জানান, "গবেষণার জন্য আমরা মাছটির কঙ্কাল 'মেরিন বায়োলোজিকাল ফিশারিজ মিউজিয়ামে' রাখতে চাই। এ অঞ্চলে এ ধরনের তিমি পাওয়া খুবই দুর্লভ ব্যাপার। এর কঙ্কালটি সংরক্ষণ করা গেলে শিক্ষার্থীদের অনেক কাজে লাগবে।" রোববার রাতে উপকূলের রাসমণি ঘাট এলাকায় প্রায় ৫০ ফুট দীর্ঘ তিমি মাছটি ভেসে আসে। স্থানীয় জেলেরা দেখতে পেয়ে রোববার রাতেই সেটি তীরের কাছে টেনে আনেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এসএনডি/২১১৭ ঘ.