২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিটি ক্লিনিক পরিচালনার দায়িত্ব এলজিআরডিতে ন্যস্ত

তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো এখন থেকে পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) । জেলা পরিষদগুলোর বাজেট অনুমোদন বৈঠকে মঙ্গলবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো এখন থেকে পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) । জেলা পরিষদগুলোর বাজেট অনুমোদন বৈঠকে মঙ্গলবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের ইউনিয়ন পর্যায়ে ১১ হাজার কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সেগুলোকে সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এলজিআরডি ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবালের উপস্থিতিতে বৈঠকের সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব সরফরাজ হোসেন। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, দেশের ৬১টি জেলার জন্য ৩৪৮ কোটি ৪৯ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। যার ভেতর রাজস্ব খাত থেকে ১৯১ কোটি ৪০ লাখ টাকার যোগান দেওয়া হবে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) জন্য বাজেটে ১৫৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও জানান, অবকাঠামো স্থাপনার জন্য মোট ৮৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং সামগ্রিক উন্নয়ন কাজের জন্য মোট বরাদ্দ ২৬১ কোটি ৬৫ লাখ টাকা। উপদেষ্টা সাংবাদিকদের জানান, আগের বছরের তুলনায় এবছর অতিরিক্ত ৪৫ কোটি টাকার রাজস্ব পাওয়ার আশা করছে মন্ত্রণালয়। কমিউনিটি ক্লিনিকের ব্যাপারে উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কমিউনিটি ক্লিনিকগুলো ঠিকমতো কাজ করছিল না। শিঘ্রই সব কমিউনিটি ক্লিনিকগু জেলা পরিষদের অধীনে কাজ করবে বলে জানান তিনি। উপদেষ্টা আরও জানান, প্রয়োজনে দাতারাও এ ব্যাপারে সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আনোয়ারুল ইকবাল জানান, দশটি জেলায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গ্রন্থাগারসহ জাদুঘর নির্মাণ করা হবে। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুলের মাজার, ময়মনসিংহের ত্রিশাল ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে স্থাপনা তৈরি করা হবে। জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ব্যাপারে উপদেষ্টা বলেন, " জেলা পরিষদ আইন অনুসারে প্রশাসক নিয়োগের সুযোগ রয়েছে। যদিও সংবিধান অনুসারে স্থানীয় প্রশাসনে এধরনের প্রশাসক নিয়োগের কোনো সুযোগ নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম/এমকে/এনএইচ/টিএইচ/এসকে /২০০৪ ঘ.