বাগেরহাট, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পূর্ব সুন্দরবনের হারবারিয়া এলাকায় সোমবার রাতে বনদস্যুদের সঙ্গে উপকূল রক্ষী ও র্যাব সদস্যদের গোলাগুলি হয়েছে। গোলাগুলির পর ওই এলাকা থেকে দস্যুদের ফেলে যাওয়া দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট নাসের।
র্যাবের ওই কর্মকর্তা জানান, ডাকাত গ্রেপ্তারে সোমবার রাত দেড়টায় র্যাব ও কোস্টগার্ড সদস্যরা পূর্ব সুন্দরবনের হারবারিয়া এলাকায় অভিযান চালায়। ওই সময় সশস্ত্র ডাকাত দল পশুর নদীর পূর্ব পাড়ে ডাকাতরা নিরাপত্তা রক্ষীদের ওপর গুলি চালায়। দুই পক্ষের ১৫ মিনিট গোলাগুলির পর দস্যু দল পিছু হটে।
ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, একটি এলজি ও এলজির তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা নাসের।
এ ঘটনায় মংলা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। অস্ত্রগুলো থানায় জমা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯১৩ ঘ.
bdnews24