ময়মনসিংহ, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাওহীদের চার সদস্যকে আট বছর করে কারাদণ্ড দিয়েছে ময়মনসিংহ দ্রুত বিচার আদালত।
ম্যাজিস্ট্রেট শেফালী বেগম মঙ্গলবার জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর ৩ ও ৮ ধারায় এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হিজবুত তাওহীদের ময়মনসিংহ জেলা শাখার আমির টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের এনামুল হক ওরফে বাহারুল ইসলাম বাপ্পা (২৬), কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আমির সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের মনিরুল ইসলাম (৩৫), ময়মনসিংহ শহরের আকুয়া দক্ষিণ পাড়া আমজাদ ব্যাপারী রোডের জাহাঙ্গীর আলম (২৬) এবং আব্দুল্লাহ আল মামুন (২৬)।
রায়ে এদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১০ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
গত ১ এপ্রিল রাতে ময়মনসিংহ শহরের আকুয়া ও কাঁচিঝুলি এলাকার দুটি বাসায় অভিযান চালিয়ে ওই চার জনকে র্যাব গ্রেপ্তার করে। তখন ওই বাসা থেকে প্রচুর জিহাদি বই, লিফলেট, গামবুট, চেক বই, ব্যাগসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।
জরুরি আইন লঙ্ঘন করে বেআইনি সমাবেশ ও সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে ওই সময় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৪ ঘ.
bdnews24