ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অসুস্থতার জন্য মঙ্গলবার তার বিরুদ্ধে অস্ত্র মামলায় সাক্ষ্য নেয়া যায়নি।
ঢাকা মহানগর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালে ঐ মামলায় রাষ্ট্র পক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। বিচারক সৈয়দ জাহেদ মনসুর আগামী ৬ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।
গত ২৮ মে যৌথ বাহিনী বাবরের গুলশানের বাসা তল্লাশি করে ৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে । এর মধ্যে একটি বিদেশি রিভলবার ও এর ২৫ রাউণ্ড গুলির লাইসেন্স না থাকায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়।
গত ২৩ জুন বাবরের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেন উপ-পরিদর্শক কবির হোসেন। ২৫ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করায় বিচারকাজ ৪৫ দিনের মধ্যে শেষ করতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/ ১৬২৩ ঘ.
bdnews24