চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোার ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের মামলায় ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক নাসিরুদ্দিনসহ চার জনকে সোমবার বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে একটি আদালত।
একইদিন অপর একটি আদালতে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সাংসদ হারুনুর রশীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলার সাক্ষ্যগ্রহণ হয়।
টিন আত্মসাতের মামলায় রায় দেন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরী।
এ মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, নাসির উদ্দিন, রেজা মেম্বার, হাবিবুর রহমান ও সেন্টু শেখ। এর মধ্যে নাসির উদ্দিন ও রেজা মেম্বারকে তিন বছর, হাবিবুরকে দুই বছর ও সেন্টু শেখকে দেড় বছর কারাদণ্ড দেয় আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি এরফান আলীকে খালাস দেওয়া হয়।
গত ১৯ ফেব্র"য়ারি ভোলাহাট উপজেলার দুটি স্থান থেকে ৬১টি ত্রাণের টিন উদ্ধার করে যৌথবাহিনী। ওই ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
এদিকে সাবেক সাংসদ হারুনুর রশীদ এবং তার স্ত্রী ও সদর উপজেলা বিএনপির সভানেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় সাক্ষ্য নেওয়া হয় জেলা দায়রা জজ ঋষিকেশ সাহার আদালতে।
এদিন সাক্ষ্য দেন মামলার বাদি বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ।
আসামি হারুনুর রশীদকে আদালতে হাজির করা হয়। তবে পাপিয়া ও মামলার অপর আসামি আল আমিন পলাতক রয়েছেন। এ মামলায় পাপিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গত ২২ এপ্রিল হারুনুর রশিদ বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৮ ঘ.
bdnews24