নরসিংদী, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ভৈরব এবং গাজীপুরে টঙ্গী বোর্ডবাজার এলাকা থেকে অস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদী সদর থানার পরিদর্শক মো. শাহাবুদ্দিন খাঁন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ভৈরব থেকে ডাকাত শাহ জালাল ওরফে শাহ আলমকে (২৪) গ্রেপ্তার করা হয়।
পরে শাহ আলমের স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গীর বোর্ডবাজার এলাকা থেকে রোববার রাতে ডাকাত দলের সদস্য মোবারক (২০), আলীম (২৫), শহিদ (২৫), রশিদ (৩০), রনি (১৮), হারুন (৩৫), শাহিন (৩৫), ফারুক (৩৭) ও কমলকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি রিভলবার, একটি বিদেশি পিস্তল ও গুলি, আটটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় নরসিংদী সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৬৪২ ঘ.
bdnews24