চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জায়গা দখল ও দুই লাখ টাকা চাঁদা দাবির অপরাধে রামগড় পৌরসভার চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূঁইয়াসহ পাঁচজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পদাধিকার বলে পাবর্ত্য জেলাগুলোর দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহিউদ্দিন আহমদ রোববার বিকালে এ রায় দেন।
বেলায়েত হোসেন ভূঁইয়া খাগড়াছড়ি থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার ভাই। তিনি এখন কারাগারে আটক আছেন।
কারাদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন, রহিম উল্ল্যাহ, জামাল উদ্দিন, নাসের মিয়া ও মো. ফারুক।
সরকার পক্ষের আইনজীবী এনামূল হক চৌধুরী জানান, একই মামলার অন্য দুই ধারায় আসামিদের আরও ছয় মাস ও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হবে।
আদালত সূত্র জানায়, জায়গা দখল ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে রামগড় পৌর এলাকার জয়নাল আবেদিন মোল্লা চলতি বছরের ২০ ফেব্র"য়ারি রামগড় থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে তিনি অভিযোগ করেন, ২০০৫ সালের ১৩ এপ্রিল জায়গা দখলে বাধা দেয়ায় তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে জোর করে সই নেন বেলায়েত হোসেন ও তার লোকজন। পরে তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং জয়নাল আবেদিনের জায়গা দখল করে নেন।
অতিরিক্ত জেলা পিপি এনামূল হক চৌধুরী জানান, গত ২ জুলাই আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়। এরপর ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার বিকালে রায় দেন বিচারক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৯৪৮ ঘ.
bdnews24