২৮জুলাই,(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---প্রশাসনে আরো গতি আনার জন্য উপদেষ্টা, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন আহমদ।
তিনি বলেছেন, নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ থাকলে কাজের গতি এবং মান বাড়বে।
উপদেষ্টা পরিষদের শনিবারের বৈঠকে কাজে আরো বেশী গতি আনার জন্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন," উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আজ আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা অগ্রগতির হার দেখে সন্তোষ প্রকাশ করেছেন। কি ভাবে কাজের গতি আরো বাড়ানো যায় সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই পরামর্শ দেন।"
বৈঠকে বলা হয়, কাজে গতি আনার জন্য পুরনো আইন সংস্কার করতে হবে এবং জনগণের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে হবে। এজন্য সেবা প্রদানকারী সংস্থাগুলোকে 'সিটিজেন চার্টার' প্রণয়ন করে জনগণের মধ্যে প্রচার করতে হবে। বিশেষ করে পেনশন কেসগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়। এছাড়া সরকারি কাজের বিকেন্দ্রীকরণের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম ৬ মাসে( ১৪ জানুয়ারী- ৩০ জুন) উপদেষ্টা পরিষদের ৪০টি বৈঠক হয়েছে। এতে মোটি ২০৫টি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে ১১৫ টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আর বাস্তবায়নাধীন রয়েছে ৯০ টি সিদ্ধান্ত।
একই সময়ে উপদেষ্টা পরিষদ ১৪টি অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। জারী হয়েছে নয়টি আর অবশিষ্ট অধ্যাদেশগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াধীন।
উপদেষ্টা পরিষদের ৭টি স্থায়ী এবং ২টি অস্থায়ী কমিটি গত ৬ মাসে ৪১টি বৈঠক করেছে।
সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে গতিতে এগিয়ে যাওয়া দরকার, উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ কর্মকর্তা- কর্মচারীরা সেভাবেই কাজ করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি/ইএইচবি/এসকে ১৮৫৯ ঘ.
bdnews24