ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক পদে মনোনীতদের বসিয়ে সরকার কোম্পানি আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক 'ভোরের কাগজ' আয়োজিত 'এফবিসিসিআই ও বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্কার' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
গোলটেবিল বৈঠকের সঞ্চালক ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। ব্যবসায়িক নেতা, বাণিজ্য বিশেষজ্ঞ ও সাংবাদিকরা এতে অংশ নেন।
কোম্পানি আইন বিশেষজ্ঞ শফিক আহমেদ বলেন, "১৯৯৪ সালের কোম্পানি আইনের ১৯ অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, বাণিজ্যিক সংগঠনের পরিচালকরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ফলে এফবিসিসিআই এ পরিচালক পদে মনোনীতদের বসানোর বিষয়টি আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দ্রুত এর পরিবর্তন দরকার।"
চলতি বছর এফবিসিসিআই এর নির্বাচনের তারিখ ঘোষণা ও যোগ্যপ্রার্থীদের বাছাইয়ের পরও নির্বাচন স্থগিত করার নির্দেশ দেওয়ায় সরকারের সমালোচনা করেন ব্যারিস্টার শফিক।
২০০২ সালে তৎকালীন সরকার এক আদেশের মাধ্যমে এফবিসিসিআই এর ৩৮ জন পরিচালকের মধ্যে ১৪ জনকে মনোনয়ন দেওয়ার বিধান চালু করে। তখন থেকে বাকি ২৪ জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হন। এই ৩৮ পরিচালক পরবর্তী দু'বছরের জন্য একজন সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচন করে থাকেন। কিন্তু ব্যবসায়ীদের একটি অংশ তখন থেকেই মনোনয়ন দেওয়ার এই ব্যবস্থার বিরোধিতা করে আসছেন।
ঢাকা দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই এর অন্যতম পরিচালক হেলাল উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এফবিসিআই এর কার্যক্রমের সঙ্গে জড়িত নন এবং সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ নেই এমন ব্যক্তিদেরই সাধারণত পরিচালক হিসাবে মনোনয়ন দেয় সরকার। বোর্ডের বাকি পরিচালকদের মধ্যে মাত্র ছয়জনের সমর্থন পেলেই এরা নিজেদের পছন্দের প্রার্থীকে সভাপতি নির্বাচন করতে পারেন। "
অন্যদিকে, ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনের আরেক পরিচালক আবু মোতালেব উল্লেখ করেন, ২০০২ সাল থেকে এ পর্যন্ত মনোনীত পরিচালকরা ছাড়া আর কেউ এফবিসিসিআই এর সভাপতি হতে পারেননি।
গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতিউর রহমান বলেন, যারা বড় মাপের ঋণ ও করখেলাপি তারা আইন 'কিনে ফেলারও' ক্ষমতা রাখেন। এমনকি খ্যাতিমান আইনজীবীরাও তাদের রক্ষায় এগিয়ে আসেন।
বাণিজ্য বিশেষজ্ঞ ও এফবিসিসিআই এর উপদেষ্টা মঞ্জুর আহমেদ এফবিসিসিআই ও এর নির্বাচন অনুষ্ঠান নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের 'খামখেয়ালি আচরণের' সমালোচনা করেন। তিনি বলেন, "ঋণ অথবা করখেলাপির দায়ে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত যে কাউকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত।"
অনুষ্ঠানে 'আমাদের সময়' এর সম্পাদক নাঈমুল ইসলাম খানও বক্তৃতা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এসএনডি/জেকে/এসকে ১৮০২ ঘ.
bdnews24