২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাক বিভাগে আস্থা রাখেন বরিশালের ৯৫ ভাগ মানুষ: জরিপ

মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যাপক প্রসারের মধ্যেও ডাক বিভাগের ওপর আস্থা হারাননি বরিশালের ৯৫ ভাগ মানুষ। পাঠানো চিঠির ৭৯ দশমিক ৪ ভাগই নির্ধারিত সময়ের মধ্যে প্রাপকের হাতে পৌঁছায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 11:27 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

বরিশাল, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যাপক প্রসারের মধ্যেও ডাক বিভাগের ওপর আস্থা হারাননি বরিশালের ৯৫ ভাগ মানুষ। পাঠানো চিঠির ৭৯ দশমিক ৪ ভাগই নির্ধারিত সময়ের মধ্যে প্রাপকের হাতে পৌঁছায়। তবে ২০ দশমিক ৬ ভাগ চিঠি সময়মতো সঠিক ঠিকানায় পৌঁছায় না ডাকবিভাগের বিলম্বের কারণে। আর এ বিষয়ে অভিযোগ জানানো হলেও ৬৩ দশমিক ৬ ভাগ ক্ষেত্রে ডাক বিভাগের কোনও সদুত্তর পাওয়া যায় না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় বরিশাল সচেতন নাগরিক কমিটি পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য। শনিবার নগরীর প্যারারা রোডে নাগরিক কমিটির কার্যালয়ে এই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। জরিপের ফলাফলে আরও দেখা যায়, ডাক বিভাগের সঞ্চয়ী হিসাব দারুণ জনপ্রিয়তা অর্জনের পরও হয়রানির কারণে ডাক বিভাগের সেবাগ্রহীতাদের মাত্র ১৩ ভাগ এই সেবা নিচ্ছেন। জরিপের উত্তরদাতাদের ৪১ শতাংশ বলেছেন, তারা একসময় ডাকঘরে সঞ্চয়ী হিসেব খুললেও কর্তৃপক্ষের হয়রানির কারণে তা বন্ধ করে দিয়েছেন। বেসরকারি কুরিয়ার সর্ভিসগুলো অতিরিক্ত টাকার বিনিময়ে দ্রুত সেবা দিলেও ডাক বিভাগের পোস্টাল অর্ডার সেবার ওপরই আস্থা রাখেন উত্তরদাতাদের ৭৯ দশমিক ২ শতাংশ। কারণ, প্রত্যন্ত অঞ্চলে এ মাধ্যমেই দ্রুত টাকা পাঠানো সম্ভব। তবে মানি অর্ডারের মাধ্যমে টাকা পেতে ৯৭ দশমিক ১ ভাগ গ্রাহক পোস্টম্যানকে ঘুষ কিংবা বকশিশ দেন বলে জরিপে উঠে এসেছে। অনুষ্ঠানে উপস্থিত বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান গ্রাহকদের প্রায় অভিযোগই স্বীকার করে নিয়েছেন। তবে ব্যর্থতার জন্য ডাক বিভাগের কর্মীদের দক্ষতার অভাবকেই দায়ী করেছেন তিনি। তিনি বলেন, বেতনভাতা কম হওয়ায় অনেকেই এ পেশায় আসতে চান না। আর দক্ষ লোকের অভাবে জনগণকে প্রকৃত সেবা অনেক সময়ই দেওয়া সম্ভব হচ্ছে না। সচেতন নাগরিক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরজাহান বেগমের সভাপতিত্বে কমিটির সদস্য অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল জরিপের ফলাফল উপস্থাপন করেন। তিনি জানান, ২০০৬ সালের ২১ মে থেকে ২০ জুলাই টানা তিন মাস ধরে বরিশাল সদর উপজেলার পল্লী এলাকার ৩০টি গ্রাম এবং নগরীর ২০টি মহল্লার ৪৬৮টি থানায় জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জেকে/১৭০৩ ঘ.