২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ওয়াজেদের কিছু হলে কে দায় নেবে : সাজেদা চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ড. ওয়াজেদ মিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থায় পরিবারের সান্নিধ্য প্রয়োজন। তিনি প্রশ্ন রেখেছেন, এ অবস্থায় ড. ওয়াজেদের কিছু হলে কে দায় নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 09:55 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ড. ওয়াজেদ মিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থায় পরিবারের সান্নিধ্য প্রয়োজন। তিনি প্রশ্ন রেখেছেন, এ অবস্থায় ড. ওয়াজেদের কিছু হলে কে দায় নেবে। সাজেদা চৌধুরী সাংবাদিকদের জানান, ওয়াজেদ মিয়া তাদের কাছে শেখ হাসিনার কুশল জানতে চেয়েছেন। শনিবার দুপুরে শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদকে দেখার পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, '' চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন, রোগীকে এখন পরিবারের সান্নিধ্যে রাখা জরুরী। আমাদেরকে জয়কে খবর দিতে বলা হয়েছে।" দুপুরে সৈয়দা সাজেদা চৌধুরী , ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুল মতিন খসরু, খ ম জাহাঙ্গীর হোসাইন ও হাবিবুর রহমান সিরাজ হাসপাতালে ড. ওয়াজেদকে দেখতে যান। তারা কিছু সময় তার শয্যার পাশে ছিলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ড. ওয়াজেদ মিয়ার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পান্থপথে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। শুক্রবার তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এসকে ১৫৩৯ ঘ.