কুষ্টিয়া, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শহরতলীর চরমিলপাড়া মহাশ্মশানের কাছে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুলাল (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, দুলাল নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শহিদুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চরমপন্থীরা বৈঠক করছে, এ খবর পেয়ে রাত ১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল মহাশ্মশানের কাছে গেলে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির সময় আহত হয় দুলাল। এক পর্যায়ে দুলালকে ফেলে তার সহযোগীরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধ দুলালকে পুলিশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছেন।
ঘটনাস্থল থেকে একটি এলজি ও চারটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার বেলঘোরিয়া গ্রামের দুলালের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় দুইটি হত্যা ও একটি অপহরণ মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩৩৬ ঘ.
bdnews24