ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চালু করতে দুই দেশের মধ্যে ২৫ কিলোমিটার সংযোগ সড়ক তৈরির ব্যাপারে শুক্রবার একটি চুক্তি সাক্ষর হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেলা ১১টায় এই চুক্তি সাক্ষর হয়।
মিয়ানমারের পক্ষে এতে সাক্ষর করেন দেশটির সফররত পূর্তমন্ত্রী মেজর জেনারেল স' তুন এবং বাংলাদেশ পক্ষে ছিলেন যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন।
চুক্তি সাক্ষরের পর যোগাযোগ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আমাদের মূল লক্ষ্য এই ২৫ কিলোমিটার সড়ককে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা তৈরির কাজ শুরু করব আমরা।"
অবশ্য এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।
তিনি জানান, বাংলাদেশের সীমান্ত থেকে মিয়ানমারের বাওয়ালিবাজার পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যায় হবে ১৪১ কোটি টাকা। বাংলাদেশ সরকার এই প্রকল্পের অর্থায়ন করবে।
স' তুন সাংবাদিকদের বলেন, "মিয়ানমার হয়ে সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সঙ্গে সড়ক যোগাযেগ স্থাপনের জন্য আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে হবে।"
তিনি আরো বলেন, "কেবল বাংলাদেশ ও মায়ানমার নয়, চীনও এই ত্রি-দেশীয় সড়ক যোগাযোগ প্রকল্পের সঙ্গে জড়িত। পুরো প্রকল্পটি বাস্তবায়নে আরও আলোচনা প্রয়োজন।"
এমএ মতিন জানান, মিয়ানমারে অনুষ্ঠেয় বিসিআইএম (বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার) এর আগামী বৈঠকের সময় সরাসরি সড়ক যোগাযোগের ব্যাপারে চীনা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তিন দেশ মিলে একটি জরিপ চালানো হবে বলেও জানান তিনি।
উপদেষ্টা জানান, কিছুদিন আগে বাংলাদেশ সফরে আসা চীনা প্রতিনিধি দলও ত্রিদেশীয় সড়ক যোগাযোগের বিষয়টিতে গুরুত্ব দিয়েছে।
মতিন জানান, নভেম্বরে বিসিআইএম এর যে মোটর শোভাযাত্রা হওয়ার কথা ছিল তা ২০০৮ এর মার্চে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/১৬২৩ ঘ.
bdnews24