চট্টগ্রাম, ২৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম পলিটেকনিক কলেজে একাদশ শ্রেণীতে দলীয় কর্মীদের ভর্তি করানোর চেষ্টাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজের প্রধান পরিদর্শক আমজাদ হোসেন বলেন, "ভর্তির সময় একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে কোনো অঘটন ঘটেনি।"
তিনি জানান, বৃহস্পতিবার মেধা তালিকা থেকে ৪৮ জনকে ভর্তি করা হয়েছে। শনি ও রোববারও ভর্তি কার্যক্রম চলবে। উদ্ভূত পরিস্থিতিতে ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য শনিবার সব শ্রেণীর ক্লাস বন্ধ থাকবে।
শিক্ষার্থীরা জানায়, ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীরা একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা না মেনে নিজেদের পছন্দসই প্রার্থীকে ভর্তির চেষ্টা চালায়। এ নিয়ে উভয় সংগঠনের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা গোলাম জিলানী জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় সংগঠনের নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়ায় কোনো অঘটনা ঘটেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২২৪২ ঘ.
bdnews24