ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুরে বৃহস্পতিবারের টনের্ডোর আঘাতে শতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
লক্ষ্মীপুর: বৃহস্পতিবার সকালে টর্নেডোর আঘাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ জয়দেবপুর, চাঁদখালী ও লাহারকান্দি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ১০জন আহত এবং অর্ধশতাশিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
টর্নেডোর আঘাতে এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফেরদৌস খান দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকায় যান। তিনি দুর্গতদের ২০ কেজি করে চাল দেওয়ার আশ্বাস দিয়েছেন।
কুমিল্লা: জেলার মনোহরগঞ্জ, কুমিল্লা সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলার নয়টি গ্রামে টর্নেডো আঘাত হেনেছে। এতে প্রায় ৪০টি বাড়িসহ গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হয়।
প্রতক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় দাউদকান্দি, সকাল ৭টায় মনোহরগঞ্জ ও সকাল ৮টায় সদর দক্ষিণ উপজেলায় টনের্ডো আঘাত হানে।
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার চরবসন্ত এলাকায় বিকালে প্রায় তিন মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ ৩৫ টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় অনেকগুলো গাছ উপড়ে যায় এবং বিদ্যুতের তার ছিড়ে এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পরে।
বিকাল ৪টার দিকে পৌর প্রশাসক মঞ্জিল হোসেন ক্ষতিগ্রস্ত এলাকায় যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২১৬ ঘ.
bdnews24